অক্টোবরে দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হবে বলে জানিয়েছেন কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার। তিনি বলেন, ‘আমরা একটা পূর্বাভাস মডেল করি। অক্টোবর মাস ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হবে আমাদের মডেল বলছে।’
আজ সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধের জন্য কৌশলগত কর্ম পরিকল্পনা বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন।
কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার বলেন, আমরা বিভিন্ন সময় পরীক্ষা করে দেখেছি এডিস মশা রাতেও কামড়ায়। শীতে কিউলেক্স মশা অনেক থাকে, যা দেখা যায়। কিন্তু এডিস মশা দেখা যায় কম, তাই মানুষ নেগলেক্ট (অবহেলা) করে। সে জন্য মশার আচরণ চেনার পরামর্শ দেন তিনি।
বাংলাদেশকে মশার দেশ হিসেবে মন্তব্য করে এই কীটতত্ত্ববিদ বলেন, বাংলাদেশের ঘাড়ে ডেঙ্গু ওঠে বসেছে। বাংলাদেশের মতো পৃথিবীতে এত মশা দেখিনি। তিনি জানান, বাংলাদেশে ১২৬ প্রজাতির মশা রয়েছে। মশার কলোনি আছে ৭-৮ প্রজাতির।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান। সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান।