দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। তাদের সবাই ঢাকায় চিকিৎসাধীন ছিল। এ সময়ে নতুন করে ১ হাজার ২৩৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। তবে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ২ লাখ ৩৬ হাজার ৭১৪ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৪ হাজার ২৯৪ জনের। আর ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ৭৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
সরকারি হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৭৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ১৭১ জন। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫২৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২০৪ জন, চট্টগ্রাম বিভাগে ১১৪ জন, রাজশাহী বিভাগে ৯৩ জন, ময়মনসিংহ বিভাগে ৮৯ জন, বরিশাল বিভাগে ৭০ জন, খুলনা বিভাগে ৫৭ জন এবং রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে।