হোম > স্বাস্থ্য

দুশ্চিন্তা শরীর ক্লান্ত করে

ফিচার ডেস্ক

ছবি: সংগৃহীত

কখনো ভেবেছেন কি, অ্যাংজাইটি বা দুশ্চিন্তা আপনাকে ক্লান্ত করে তুলতে পারে? বিজ্ঞান বলছে, পারে। দুশ্চিন্তা শুধু মনের ওপর নয়, শরীরের ওপরও ব্যাপক প্রভাব ফেলে এবং এটি আপনাকে চরম অবসাদের দিকে ঠেলে দিতে পারে।

যখন আমরা কোনো বিষয়ে দুশ্চিন্তা করি, আমাদের মস্তিষ্ক তখন সেটিকে ‘হুমকি’ হিসেবে ধরে নেয়। ফলে শরীরের হাইপোথ্যালামাস, পিটুইটারি এবং অ্যাড্রিনাল গ্রন্থিগুলো থেকে কর্টিসল ও অ্যাড্রেনালিনের মতো স্ট্রেস হরমোনের বন্যা বয়ে যায়। এটি শরীরকে ফাইট অর ফ্লাইট মোডের জন্য প্রস্তুত করে। অর্থাৎ শরীরকে বলা হয়, লড়াই করো, নয়তো পালাও।

এই প্রক্রিয়ায় হৃৎস্পন্দন বেড়ে যায়, পেশি শক্ত হয়ে যায় এবং শ্বাস-প্রশ্বাস দ্রুত হয়। দীর্ঘ সময় ধরে শরীর যদি এই অবস্থায় থাকে, তাহলে স্বাভাবিকভাবেই একসময় এটি ভেঙে পড়ে। স্ট্রেস বা মানসিক চাপের মুহূর্তটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ প্রচণ্ড ক্লান্তি অনুভব করে; যাকে বিজ্ঞানের ভাষায় ‘ক্র্যাশ’ বলা হয়।

অ্যাংজাইটিজনিত ক্লান্তির ৯ লক্ষণ

অনেক সময় আমরা বুঝতে পারি না, আমাদের ক্লান্তির কারণ আসলে কী। এটা যে মানসিক দুশ্চিন্তা হতে পারে, সেটাও অনেক সময় আমরা বুঝতে পারি না। এ ধরনের ক্লান্তির লক্ষণগুলো জেনে নিন—

পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্তি বোধ: রাতে সাত থেকে আট ঘণ্টা ঘুমানোর পরও যদি সকালে ঘুম থেকে উঠে ক্লান্তি লাগে, তাহলে বুঝতে হবে, মস্তিষ্ক বিশ্রামে নেই। তার বিশ্রামের ব্যবস্থা করতে হবে।

ক্ষুধামান্দ্য: দুশ্চিন্তার কারণে পেটে গ্যাস তৈরি হয়। ফলে ক্ষুধা নষ্ট হয়ে যায়। কম খাওয়ার ফলে শরীরের শক্তি কমে গিয়ে ক্লান্তি বাড়ে।

অতিরিক্ত কফিতেও কাজ না হওয়া: ক্লান্তিবোধ কাটাতে কফি বা ক্যাফেইন গ্রহণ করলেও যদি শরীরে আগের মতো সজীবতা না আসে, তাহলে বুঝতে হবে, আপনি ভুগছেন অ্যাংজাইটিজনিত ক্লান্তিতে।

সামাজিক অনুষ্ঠানে যাওয়ার আগে ক্লান্তি বোধ করলে: কোথাও যাওয়ার আগে হুট করে শরীরে অবসাদ চলে আসতে পারে।

পেশি ও জয়েন্টে ব্যথা: দুশ্চিন্তার সময় আমরা অজান্তেই পেশি শক্ত করে রাখি, ফলে কাঁধ, পিঠ অথবা ঘাড়ে ব্যথা অনুভূত হতে পারে। অ্যাংজাইটিজনিত ক্লান্তিতে এটি খুব সাধারণ একটি সমস্যা।

বারবার কান্না পাওয়া: মানসিক ক্লান্তির কারণে আবেগ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। ফলে তুচ্ছ কারণেও কান্না আসতে পারে। বেশি কান্না শরীরে ক্লান্তির কারণ হতে পারে।

পেটের সমস্যা: মস্তিষ্ক ও পাকস্থলীর মধ্যে গভীর সংযোগ আছে। তাই দুশ্চিন্তার কারণে বদহজম কিংবা পেটে ব্যথা হতে পারে। এতে ক্ষুধামান্দ্য দেখা দেওয়া সাধারণ ঘটনা। সেটা হলে শরীর ক্লান্তি অনুভূত হতে পারে।

বারবার ঘুম ভেঙে যাওয়া: মাথার ভেতর দুশ্চিন্তা চললে গভীর ঘুম হওয়া কঠিন হয়ে পড়ে। ঘুম কম হওয়াও শরীর ক্লান্তির কারণ হয়ে দেখা দিতে পারে।

বিছানা ছাড়তে ইচ্ছা না করা: এটি শুধু অলসতা নয়। দীর্ঘদিনের মানসিক চাপের কারণে শরীর যখন পুরোপুরি অবসাদগ্রস্ত হয়ে পড়ে, তখন সে সবকিছু এড়িয়ে চলতে চায়।

কীভাবে ক্লান্তির চাকা ঘোরাবেন

অ্যাংজাইটিজনিত ক্লান্তি দূর করার জন্য কার্যকর কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে—

স্লিপ হাইজিন ঠিক করা: শোয়ার ঘরটি যেন শান্ত এবং অন্ধকার হয়। ঘুমানোর এক ঘণ্টা আগে মোবাইল ফোন বা ল্যাপটপের স্ক্রিন থেকে দূরে থাকুন।

নিয়মিত ব্যায়াম: শারীরিক পরিশ্রম করার কারণে স্ট্রেস হরমোন কমে যায় এবং শরীর পুনর্গঠিত হয়।

মেডিটেশন বা ধ্যান: প্রতিদিন ১০ থেকে ১৫ মিনিট মাইন্ডফুলনেস বা শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করলে রক্তে স্ট্রেস হরমোনের মাত্রা কমে।

সুষম খাবার: প্রক্রিয়াজাত খাবার ও অতিরিক্ত চিনি এড়িয়ে প্রোটিন, বাদাম, শাকসবজি এবং ফলমূল বেশি খেতে হবে।

দুশ্চিন্তা আপনার স্বাভাবিক জীবনযাত্রায় যদি বাধা দেয়, তাহলে একজন সাইকোলজিস্ট বা কাউন্সেলরের সঙ্গে কথা বলুন। প্রয়োজনে থেরাপি কিংবা ওষুধ আপনার জীবন সহজ করে তুলতে পারে। দুশ্চিন্তা শুধু মনের অসুখ নয়, এটি শরীরকেও নিংড়ে নেয়। শরীর যখন ক্লান্তির সংকেত দেয়, তখন সেটিকে অবহেলা না করে মনের যত্ন নেওয়া জরুরি।

সূত্র: হেলথ লাইন

পরিমাণ বুঝে ‘সঠিক’ পানি পান করুন

গরমে খাদ্যতালিকা রাখুন নিজের নিয়ন্ত্রণে

আপনার কণ্ঠ আপনার পরিচয় যত্ন নিন আজই

মানসিক সমস্যা থেকে মুক্তি পেতে যা করবেন

সেই ফাতেমার অসুস্থ ভাতিজিকে দেখতে ঢামেকে স্বাস্থ্যমন্ত্রী

এক সপ্তাহের মধ্যে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে: স্বাস্থ্যমন্ত্রী

হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর, মৃত্যু বেড়ে ১৭৪: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে তরুণ ডায়াবেটিস রোগীর ৫ জনে একজন ‘মডি’তে আক্রান্ত: গবেষণা

হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু