হোম > স্বাস্থ্য

সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলা টিকাদান শুরু

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

দেশে হাম রোগীর সংখ্যা ও মৃত্যুর হার হঠাৎ বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণে আগামীকাল সোমবার থেকে সারা দেশে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য মতে, হাম প্রতিরোধে গত ৫ এপ্রিল থেকে দেশে বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। ওই দিন থেকে ১৮টি জেলার ৩০টি উপজেলায় এমআর টিকা প্রয়োগ কার্যক্রম চালু হয়।

পরবর্তীতে ১২ এপ্রিল থেকে এ কর্মসূচি ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, ময়মনসিংহ ও বরিশাল—এই চারটি সিটি করপোরেশনে সম্প্রসারণ করা হয়। আগামীকাল থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলবে। আগে ৩ মে থেকে সারা দেশে এই কার্যক্রম শুরু করার পরিকল্পনা থাকলেও তা এগিয়ে এনে ২০ এপ্রিল থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ রোববার সন্ধ্যায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, ১৮ জেলার ঝুঁকিপূর্ণ ৩০ উপজেলা, ১৩ পৌরসভা, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন, ময়মনসিংহ সিটি করপোরেশন এবং বরিশাল সিটি করপোরেশন এলাকায় ২১ লাখ ৮০ হাজার ১০৫ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্র নেওয়া হয়েছিল। আজ রোববার পর্যন্ত ১৪ লাখ ৮৭ হাজার ১৯২ শিশুকে টিকা দেওয়া গেছে, যা লক্ষ্যমাত্রার ৬৮ শতাংশ। আর সারা দেশে বাকি জেলা, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন এলাকায় ১ কোটি ৫৮ লাখ ১৯ হাজার ৮৯৫ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

সাম্প্রতিক প্রাদুর্ভাবে যেসব এলাকায় হামের সংক্রমণ বেশি, সেসব অঞ্চলকে অগ্রাধিকার দিয়ে শুরুতে টিকাদান কার্যক্রম শুরু করা হয়। কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশু এমআর টিকা পাচ্ছে। আগে টিকা নেওয়া থাকলেও চলমান ক্যাম্পেইনের আওতায় পুনরায় টিকা গ্রহণ করা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) সহকারী পরিচালক ডা. হাসানুল মাহমুদ জানান, সারা দেশব্যাপী এই কর্মসূচি সিটি করপোরেশন এলাকায় ২০ মে পর্যন্ত এবং দেশের অন্যান্য এলাকায় ১২ মে পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ৮টা থেকে সব স্থায়ী ও অস্থায়ী (আউটরিচ) কেন্দ্র থেকে এই টিকা প্রদান করা হবে।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) কর্মকর্তারা জানান, সারা বছর শিশু ও নারীদের ১২টি রোগ প্রতিরোধে ১০টি টিকা দেওয়া হয়। এর মধ্যে হাম ও রুবেলা প্রতিরোধে এমআর টিকাও অন্তর্ভুক্ত। নিয়মিত ইপিআই কার্যক্রমে ৯ মাস থেকে ১৫ মাস বয়সী শিশুদের এমআর টিকা দেওয়া হয়। তবে নিয়মিত টিকাদান কর্মসূচিতে প্রতি বছর অন্তত ১০ শতাংশ শিশু টিকার আওতার বাইরে থেকে যায়। ক্যাম্পেইনের মাধ্যমে সেই শিশুদের টিকার আওতায় আনা হয়। দেশে সর্বশেষ জাতীয় হাম টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালে।

হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নিশ্চিত শনাক্ত ১৬৫: স্বাস্থ্য অধিদপ্তর

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, সন্দেহজনক শনাক্ত ৯৪২

অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, বলছে গবেষণা

পরিমাণ বুঝে ‘সঠিক’ পানি পান করুন

গরমে খাদ্যতালিকা রাখুন নিজের নিয়ন্ত্রণে

আপনার কণ্ঠ আপনার পরিচয় যত্ন নিন আজই

দুশ্চিন্তা শরীর ক্লান্ত করে

মানসিক সমস্যা থেকে মুক্তি পেতে যা করবেন

সেই ফাতেমার অসুস্থ ভাতিজিকে দেখতে ঢামেকে স্বাস্থ্যমন্ত্রী

এক সপ্তাহের মধ্যে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে: স্বাস্থ্যমন্ত্রী