স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবর্ষ উপলক্ষে পরিচালিত ‘৫৬ হাজার স্কয়ার মাইল জুড়ে’ শীর্ষক মোবাইল স্বাস্থ্যসেবা কর্মসূচির অংশ হিসেবে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার (৪ মে) উপজেলার মনিরাম বাজারসংলগ্ন হাফিজ ইব্রাহিম কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই ক্যাম্পে প্রায় ২ হাজার ৬০০ মানুষকে বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়।
স্বাস্থ্য ক্যাম্পটি পরিদর্শন করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম। তিনি জানান, অসহায় মানুষের দোরগোড়ায় বিনা মূল্যে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এই উদ্যোগ প্রশংসনীয় এবং এর জন্য স্কয়ার গ্রুপকে ধন্যবাদ জানান তিনি।
কর্মসূচির আওতায় অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সাধারণ রোগের চিকিৎসার পাশাপাশি ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ বিনা মূল্যে দেওয়া হচ্ছে।
আয়োজকেরা জানান, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে শুরু হওয়া এই উদ্যোগের মাধ্যমে ইতিমধ্যে দেশের ১৩টি জেলায় প্রায় ৫০ হাজার মানুষ সেবা পেয়েছেন।
আজ মঙ্গলবার ভোলার বাংলাবাজারের হালিমা খাতুন মহিলা ডিগ্রি কলেজে সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত পরবর্তী ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ ছাড়া আগামীকাল সমাপনী দিনে জেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ বাসের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হবে।
স্কয়ার গ্রুপ জানায়, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার যে দর্শন নিয়ে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছিল, সেই অঙ্গীকার বাস্তবায়নেই এ বিশেষ কর্মসূচি পরিচালিত হচ্ছে।