হামে আক্রান্ত হয়ে আরও চারজন ও হামের উপসর্গ (হাম সন্দেহে) নিয়ে ছয়জন মারা গেছে। আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হালনাগাদ করা এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সরকারের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৮ জনের। তাদের মধ্যে ঢাকায় সর্বোচ্চ ১৫ জন, বরিশালে পাঁচজন, চট্টগ্রাম ও রাজশাহীতে তিনজন করে ছয়জন এবং ময়মনসিংহে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের লক্ষণ নিয়ে সারা দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫১ জনে। এর মধ্যে ঢাকা বিভাগে ৬৪ জন ও রাজশাহী বিভাগে ৬২ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম শনাক্ত হয়েছে ১৫০ জনের। এ সময়ে হামের লক্ষণ নিয়ে ১ হাজার ২৬৮ জন রোগী হাসপাতালে এসেছে, যাদের মধ্যে ৭৬২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে সবচেয়ে বেশি ৩৫৭ জন ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোয়। আর সবচেয়ে কম ১১ জন ভর্তি হয়েছে রংপুর বিভাগে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আসা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ২২৫ জনে। একই সময়ে ২ হাজার ৬৩৯ জনের হাম শনাক্ত হয়েছে। মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা সাড়ে ১৫ হাজার।
আরও পড়ুন: