হোম > ফ্যাক্টচেক > দেশ

১৫ বছর আগের ভিডিওকে এপ্রিলে জাপানে সুনামির দৃশ্য দাবিতে প্রচার

ফ্যাক্টচেক ডেস্ক

জাপানে ২০২৬ সালের ভূমিকম্পের পর সুনামির দাবিতে প্রচারিত ভিডিও। ছবি: স্ক্রিনশট

জাপানে সাম্প্রতি ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পের পর সুনামির ভয়াবহ ধ্বংসযজ্ঞের দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, পানিতে রাস্তাঘাট ঢুবে যাচ্ছে, গাড়িগুলো ভেসে যাচ্ছে এবং একপর্যায়ে পুরো এলাকাটি পানির নিচে তলিয়ে যাচ্ছে।

ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, ২০২৬ সালের ২০ এপ্রিল জাপানে যে ভূমিকম্প হয়েছিল, এটি সেই সময়ের সুনামির দৃশ্য। এই দাবিতে ফেসবুকসহ বিভিন্ন (, ) সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট পাওয়া গেছে।

‘Malik Sharafat Nahra’ নামের একটি ফেসবুক পেজে ২১ এপ্রিল আলোচিত দাবিতে সম্ভাব্য প্রথম পোস্ট করা হয়। শেয়ার করা পোস্টে আরবি ভাষায় দাবি করা হয়, ‘এটি জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্পের পর সুনামির ধ্বংসযজ্ঞের দৃশ্য।’ পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেক ব্যবহারকারী ভিডিওটিকে সাম্প্রতিক ঘটনা মনে করে শেয়ার করেন।

আজকের পত্রিকার অনুসন্ধান

ভাইরাল দাবিটির সত্যতা যাচাই করতে প্রথমে সংশ্লিষ্ট কি-ওয়ার্ড ব্যবহার করে আন্তর্জাতিক গণমাধ্যমে অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে জানা যায়, ২০ এপ্রিল জাপানের উত্তরাঞ্চলে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ৪ বলা হলেও পরবর্তীতে তা ৭ দশমিক ৭ মাত্রার বলে চিহ্নিত করা হয়। ভূমিকম্পের পর জাপান কর্তৃপক্ষ সর্বোচ্চ তিন মিটার উচ্চতার সুনামি সতর্কতা জারি করে।

তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, ভূমিকম্পের পর বড় ধরনের কোনো সুনামি আঘাত হানেনি। ইওয়াতে প্রদেশের কুজি বন্দরে সর্বোচ্চ ৮০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ রেকর্ড করা হয়। কয়েক ঘণ্টা পর সতর্কতাও তুলে নেওয়া হয়। বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা ভাইরাল ভিডিওতে দেখা ধ্বংসযজ্ঞের মতো কোনো ঘটনার তথ্য পাওয়া যায়নি।

TheStraitsTimes এর প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

পরবর্তীতে ভাইরাল ভিডিওটির কয়েকটি কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হয়। অনুসন্ধানে ২০১১ সালের ১৮ ডিসেম্বর ‘takuro suzuki’ নামের ইউটিউ চ্যানেলে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির বর্ণনা থেকে জানা যায়, এটি ২০১১ সালের ১১ মার্চ জাপানে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্প ও পরবর্তী সুনামির দৃশ্য।

takuro suzuki নামের ইউটিউ চ্যানেলের ভিডিও। ছবি: স্ক্রিনশট

ভিডিও ধারণকারী সে সময় উল্লেখ করেছিলেন, ‘মিয়াগি অঞ্চলের ইশিনোমাকি শহরের ইশিনোমাকি গ্যাস অফিসের ছাদ (ঠিকানা: ২-৩-৪৮, মিয়োজিনচো, ইশিনোমাকি-শি, মিয়াগি) থেকে এই দৃশ্যটি ধারণ করা হয়েছে। এমন ভয়াবহ জলোচ্ছ্বাসের মুখে টিকে থাকা অসম্ভব।’

আরও অনুসন্ধানে ‘FNN 311’ নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত ২০১২ সালের ২৬ অক্টোবর একই দৃশ্যের আরেকটি ভিডিও পাওয়া যায়।

FNN 311 নামের ইউটিউ চ্যানেলের ভিডিও। ছবি: স্ক্রিনশট

উল্লেখ্য, ২০১১ সালের ১১ মার্চ উত্তর-পূর্ব জাপানে ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যা দেশটির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি। এর ফলে সৃষ্ট সুনামিতে প্রায় ১০ মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ আঘাত হানে। এতে অন্তত ১৮ হাজার ৫০০ মানুষের প্রাণহানি বা নিখোঁজ হন।

সিদ্ধান্ত

জাপানে গত এপ্রিলের ভূমিকম্পের পর সুনামির ধ্বংসযজ্ঞ দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুরোনো। এটি ২০১১ সালের জাপানের ভয়াবহ ভূমিকম্প ও সুনামির দৃশ্য।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

‘গুজব ছড়ানোর দায়ে ক্ষমাপ্রার্থনা’—সাদিক কায়েমের খণ্ডিত বক্তব্যে বিভ্রান্তি

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের কৃতিত্ব ও প্রশংসা নিয়ে ভুয়া ফটোকার্ডের ছড়াছড়ি

লোডশেডিং নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্যের ছড়াছড়ি

‘শেখ হাসিনার চেয়ে ভালো সার্ভিস কেউ দিতে পারবে না’— বক্তব্যটি রুমিন ফারহানার, তবে প্রসঙ্গ ভিন্ন

শেখ হাসিনাকে নিয়ে গিয়াসউদ্দিন তাহেরীর নামে ছড়ানো ফটোকার্ডটি বানোয়াট

‘জামায়াত-বিএনপি দুই পিতার এক পুত্র’—আইনমন্ত্রীর নামে ছড়ানো উদ্ধৃতিটি বিকৃত

‘আ.লীগ ফিরবেই, চাইলেও আটকাতে পারব না’—মির্জা ফখরুল এমন কথা বলেননি

ফজলুর রহমানকে বিএনপি থেকে বহিষ্কার দাবিতে ছড়ানো প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া

আ.লীগের উন্নয়নের প্রশংসায় রুমিন ফারহানা দাবিতে ভাইরাল ফটোকার্ড সম্পর্কে যা জানা গেল

শিরীন শারমিনের ইংরেজি বক্তব্যের ভিডিওতে ভুয়া ক্যাপশন দিয়ে প্রচার