হোম > ফ্যাক্টচেক > দেশ

দুর্গাপূজা নিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের নামে ভুয়া উদ্ধৃতি প্রচার

ফ্যাক্টচেক ডেস্ক

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ছড়ানো ফটোকার্ড। ছবি: স্ক্রিনশট

‘নবী-রাসূল নয়, দেব-দেবীরাই পৃথিবী থেকে অন্যায় দূর করেছেন’—রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্ধৃতি দিয়ে এমন একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

‘Md Khadi Mul Islam’ নামের একটি অ্যাকাউন্ট থেকে আলোচিত দাবিতে একটি ফটোকার্ড শেয়ার করা হয়। গতকাল শেয়ার করা ওই ফটোকার্ডে ১ হাজারের বেশি রিয়েকশন এবং পাঁচ শতাধিক কমেন্ট ও শেয়ার রয়েছে।

ছড়িয়ে পড়া ফটোকার্ডের কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, অধিকাংশ ব্যবহারকারী দাবিটিকে সত্য মনে করেছেন। কমেন্টে একজন লেখেন, ‘কুরআন হাদিসের উপর লেখা পড়া না থাকলে যা হয়। দাদা বাবুদেরও খুশি রাখতে হচ্ছে।’ আরেকজন লেখেন, ‘চলমান দুর্গাপূজাই মহামান্য রাষ্ট্রপতির সত্যতার প্রমাণ, দেবতারাই যুগে যুগে অসুর দমন করেন।’ অন্য একজন লেখেন, ‘রাষ্ট্রপতি কি বলেছেন? যদি বলে থাকেন, তাহলে যথার্থ বলেছেন। কারণ ওনারা যা বলেন, সত্য বলেন।’

আলোচিত দাবিতে কয়েকটি পোস্ট রয়েছে এখানে, এখানেএবং এখানে।

আজকের পত্রিকার অনুসন্ধান

ছড়িয়ে পড়া ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি এবং কার্ডের বাম পাশে ‘আজকের খবর’ লেখা দেখা যায়। তবে তিনি কবে বা কোথায় এমন বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে ফটোকার্ডে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

ফটোকার্ডের সূত্র ধরে অনুসন্ধানে ‘আজকের খবর’ নামের একটি ফেসবুক পেজে গত ১৯ অক্টোবর শেয়ার করা হুবহু একই ফটোকার্ড পাওয়া যায়। ফটোকার্ডটি শেয়ার করে ওই পোস্টের ক্যাপশনে লেখা হয়, ‘দেবদেবীরাই মদিনার ইসলাম কায়েম করেছিল। এখানে কোন নবী রাসুলের ভূমিকা নেই। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের রাষ্ট্রপতির ভাষা। দেব দেবীর প্রতি ঈমান না আনলে সে মুসলমান হতে পারবে না। এটাই আমাদের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঈমান ও আকিদা। আমরা তার অনুসরণকারী। একমাত্র বিএনপিই মানুষকে মুক্তির পথ দেখাতে পারে। বিএনপির উপর যারা ঈমান ও আকিদা না রাখবে তারা পথভ্রষ্ট হয়ে যাবে।’

আজকের খবর-এর ফটোকার্ড। ছবি: স্ক্রিনশট

তবে প্রচারিত উদ্ধৃতিটির পক্ষে কোনো নির্ভরযোগ্য সূত্র পাওয়া যায়নি। জাতীয় গণমাধ্যমেও রাষ্ট্রপতি এমন বক্তব্য দিয়েছেন—এমন কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি বাংলার ভেরিফায়েড ফেসবুক পেজে ‘পৃথিবীতে যখন অন্যায় নেমে এসেছিল, তখনই দেবী দুর্গার আবির্ভাব হয়েছিল: রাষ্ট্রপতি’ ক্যাপশনে একটি ভিডিও পাওয়া যায়। প্রায় চার মিনিটের ওই ভিডিওর ২ মিনিট ৯ সেকেন্ডে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলতে শোনা যায়, ‘বাংলাদেশের শুধু নয়, সমগ্র পৃথিবীতে যখন অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন নেমে এসেছিল, তখনই দেবী দুর্গার আবির্ভাব হয়েছিল।’

ভিডিওতে রাষ্ট্রপতিকে আরও বলতে দেখা যায়, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। এ সময় তিনি সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা জানান। তবে ভিডিওতে ‘নবী-রাসূল নয়, দেব-দেবীরাই পৃথিবী থেকে অন্যায় দূর করেছেন’—এমন কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আজকের পত্রিকার তুলনাচিত্র।

এ ছাড়া মূলধারার গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন (১, ২, ) থেকে জানা যায়, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত ১৮ অক্টোবর ২০২৬ রোববার ঢাকার রমনা কালীমন্দির পরিদর্শন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে আয়োজিত অনুষ্ঠানে তিনি শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বক্তব্য দেন। তবে এসব প্রতিবেদনে থাকা তথ্যের সঙ্গেও আলোচিত ফটোকার্ডের উদ্ধৃতির মিল পাওয়া যায়নি।

সিদ্ধান্ত

‘নবী-রাসূল নয়, দেব-দেবীরাই অন্যায় দূর করেছেন’ মর্মে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে প্রচারিত ফটোকার্ডটি বানোয়াট। মূলত শারদীয় দুর্গাপূজায় দেওয়া তাঁর মূল বক্তব্যকে বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

বিএনপির কার্যালয় ভাঙচুরের ভিডিওটি ২০২৪ সালের

দুর্গাপূজার প্যান্ডেল ভাঙচুরকারী দাবিতে ছড়ানো ভিডিওর ব্যক্তি শামীম হত্যায় গ্রেপ্তার আমিনী

পারিবারিক কলহের ভিডিওকে রাজনৈতিক রূপ দিয়ে আ. লীগের অফিশিয়াল পেজে প্রচার

দুই শিশু ও এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনাটি গত বছরের

আন্তপার্লামেন্টারি ইউনিয়ন আ. লীগের পক্ষে মতামত দিয়েছে দাবিটি ভুয়া

আ.লীগ নেতার শিশুসন্তানকে ধর্ষণ ও হত্যা দাবিতে ছড়ানো হলো বিহারের ভিডিও

‘নামাজ পড়লে ১০ নম্বর কম’ শিরোনামে শিক্ষকের খণ্ডিত বক্তব্য দিয়ে অপপ্রচার

আদালত চত্বরে শাশুড়ি ও স্ত্রীকে জামাইয়ের মারধরের ভিডিওকে সাভারে ছাত্রলীগ নেতার মাকে নির্যাতন বলে প্রচার

গোপালগঞ্জে লাগাতার মিছিল দাবিতে ছড়ানো ভিডিওটি ২০২৪ সালের

‘সরকার অটোচালকদের পেটে লাথি দিচ্ছে’ দাবিতে ছড়ানো ভিডিওটি নয় বছরের পুরোনো