মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে আজ মঙ্গলবার সারা দেশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে গরম কমছে না। কোথাও কোথাও বৃদ্ধিও পেতে পারে।
গতকাল সোমবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আগামী ৫ দিনের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আজ সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানীসহ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার দুপুর ১টা পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এ সময়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ সকাল ৬টা রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত ৬টা ২ মিনিটে এবং সূর্যোদয় ৫টা ৪৫ মিনিটে।