রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে গতকাল বুধবার বিকেলের পর বয়ে যায় কালবৈশাখী। আজ বৃহস্পতিবারও দুপুরের পর দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যেতে পারে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।
আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, এবং নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে আজ বেলা ১টার মধ্যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
পূর্বাভাসে আরও জানানো হয়, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আজ সকাল ৭টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
ঢাকায় আজ সূর্যাস্ত ৬টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৫টা ৫৬ মিনিটে।