ঈদে নানা ধরনের অনুষ্ঠানের পসরা সাজায় টিভি চ্যানেলগুলো। নাটক, টেলিফিল্ম, সংগীতানুষ্ঠান, ম্যাগাজিন অনুষ্ঠানের পাশাপাশি থাকে সিনেমা নিয়ে আয়োজন। বেশ কিছু নতুন সিনেমার টিভি প্রিমিয়ারও হয় ঈদে। ইতিমধ্যে ছয়টি নতুন সিনেমার প্রিমিয়ারের ঘোষণা দিয়েছে চ্যানেল আই। এই তালিকায় আছে ‘অন্তরাত্মা’, ‘ইনসাফ’, ‘প্রিয় মালতী’, ‘জ্বীন থ্রি’, ‘মন যে বোঝে না’ এবং ‘দাগি’। ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার করা হবে সিনেমাগুলো।
ঈদের দিন প্রচারিত হবে শাকিব খান অভিনীত অন্তরাত্মা। এতে শাকিবের সঙ্গে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের দর্শনা বণিক। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল ২০২১ সালের রোজার ঈদে, তবে তা হয়নি। গত বছরের রোজার ঈদের এক সপ্তাহ আগে হঠাৎ ঘোষণা দিয়ে মুক্তি দেওয়া হয় সিনেমাটি। তবে প্রচারের অভাবে মুখ থুবড়ে পড়ে এটি। সিনেমায় আরও অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরী প্রমুখ।
ঈদের দ্বিতীয় দিন প্রচারিত হবে গত রোজার ঈদে মুক্তি পাওয়া আরেক সিনেমা দাগি। এটি আফরান নিশো ও তমা মির্জা জুটির দ্বিতীয় সিনেমা। বানিয়েছেন শিহাব শাহীন। নিশো অভিনয় করেছেন নিশান চরিত্রে। গল্পে দেখা যাবে হত্যার দায়ে অভিযুক্ত নিশান সাজা ভোগ করে ১৪ বছর পর জেল থেকে ছাড়া পায়। সে সিদ্ধান্ত নেয়, নিজের ভুলের জন্য সবার কাছে ক্ষমা চাইবে। কিন্তু নিশান চাইলেও সবকিছু আর আগের মতো ঠিক হয় না, আবারও সে জড়িয়ে পড়ে সহিংসতায়, আবারও তার জীবন এলোমেলো হয়ে যায়।
মেহজাবীন চৌধুরী অভিনীত মুক্তি পাওয়া প্রথম সিনেমা প্রিয় মালতী দেখা যাবে ঈদের তৃতীয় দিন। সত্য ঘটনার অনুপ্রেরণায় প্রিয় মালতী বানিয়েছেন শঙ্খ দাশগুপ্ত। সিনেমায় মেহজাবীনের নাম মালতী রানী দাশ। পলাশ কুমার দাশের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিল সে। হঠাৎ একটি মার্কেটে আগুন লাগার ঘটনায় কেটে যায় সেই ছন্দ। এতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী প্রমুখ।
চতুর্থ দিন প্রচার হবে শরিফুল রাজ ও তাসনিয়া ফারিণ অভিনীত ইনসাফ। সঞ্জয় সমাদ্দার পরিচালিত এ সিনেমায় ইউসুফ চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ। মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী ইউসুফকে নিয়ে সবাই যখন আতঙ্কে, তখন মাঠে নামে পুলিশ কর্মকর্তা জাহান খান। এ চরিত্রে অভিনয় করেছেন ফারিণ। সিনেমায় আরও আছেন মোশাররফ করিম, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু প্রমুখ। ক্যামিও চরিত্রে আছেন চঞ্চল চৌধুরী। গত কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ইনসাফ।
গত নভেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া মন যে বোঝে না সিনেমার টিভি প্রিমিয়ার হবে ঈদের পঞ্চম দিন। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও তমা মির্জা। ২০১৩ সালে শ্রীলঙ্কায় শুরু হয়েছিল এই সিনেমার শুটিং। তখন নাম ছিল ‘লাভলী: মন বোঝে না’। নানা জটিলতা পেরিয়ে এক যুগ পর আলোর মুখ দেখে সিনেমাটি। শাহাদাৎ হোসেন লিটন এই সিনেমার পরিচালনা শুরু করলেও শেষ করেন আয়েশা সিদ্দিকা।
ঈদের সপ্তম দিনে প্রিমিয়ার হবে জ্বীন থ্রি সিনেমার। এটি বানিয়েছেন কামরুজ্জামান রোমান। জ্বীন নামে আগে দুটি সিনেমা প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। এটি এই সিরিজের তৃতীয় সিনেমা। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে জ্বীন থ্রি। ভৌতিক ঘরানার সিনেমা হলেও এতে উঠে এসেছে সম্পর্ক, ভালোবাসা ও পারিবারিক বন্ধনের গল্প। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবদুন নূর সজল, নুসরাত ফারিয়া, তানিয়া আহমেদ প্রমুখ।