হোম > বিনোদন > হলিউড

টনি অ্যাওয়ার্ডসে জন লিথগোর রেকর্ড

বিনোদন ডেস্ক

মার্কিন অভিনেতা জন লিথগো। ছবি: সংগৃহীত

বিনোদনজগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর একটি হলো টনি অ্যাওয়ার্ডস। সিনেমার জন্য যেমন ‘অস্কার’, টেলিভিশনের জন্য যেমন ‘এমি’, ঠিক তেমনি মঞ্চনাটক ও থিয়েটারের জন্য সবচেয়ে বড় স্বীকৃতি হলো টনি অ্যাওয়ার্ডস। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির বিখ্যাত ব্রডওয়ে থিয়েটারপাড়ায় বছরজুড়ে মঞ্চস্থ হওয়া নাটকগুলোর মধ্য থেকে বিভিন্ন শাখায় এই পুরস্কার দেওয়া হয়।

টনি অ্যাওয়ার্ডসের এ বছরের আসরটি অনুষ্ঠিত হয়ে গেল ৭ জুন নিউইয়র্কের ঐতিহ্যবাহী রেডিও সিটি মিউজিক হলে। ৭৯তম টনি অ্যাওয়ার্ডসের মঞ্চে ইতিহাস গড়লেন প্রখ্যাত মার্কিন অভিনেতা জন লিথগো। ‘জায়ান্ট’ নাটকে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন তিনি। এর মাধ্যমে টনি অ্যাওয়ার্ডসের ইতিহাসে সবচেয়ে বয়োবৃদ্ধ অভিনেতা হিসেবে পুরস্কার জেতার রেকর্ড গড়লেন জন লিথগো।

৮০ বছর বয়সে এই গৌরব অর্জন করলেন জন লিথগো। এর আগে ৭৩ বছর বয়সে ডিক লাটেসা এবং একই বয়সে আন্দ্রে দে শিল্ডস সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলেন। এত দিন তাঁরাই ছিলেন টনির ইতিহাসের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বিজয়ী। তাঁদের সেই রেকর্ড ভেঙে দিলেন জন লিথগো।

এই পুরস্কারের মাধ্যমে জন লিথগো তাঁর ক্যারিয়ারের তৃতীয় টনি ট্রফি ঘরে তুললেন। ১৯৭৩ সালে ‘দ্য চেঞ্জিং রুম’ নাটকের মাধ্যমে তিনি ক্যারিয়ারের প্রথম টনি পুরস্কার পেয়েছিলেন। অর্থাৎ প্রথম ও তৃতীয় টনি জয়ের মাঝখানে পেরিয়ে গেছে দীর্ঘ ৫৩ বছর। টনি অ্যাওয়ার্ডসের ইতিহাসে দুটি পুরস্কার জয়ের মধ্যে এত দীর্ঘ সময়ের ব্যবধানের রেকর্ড আর কোনো অভিনয়শিল্পীর নেই।

টনি অ্যাওয়ার্ডসের মঞ্চে পুরস্কার হাতে নিয়ে স্বভাবসুলভ রসিকতায় জন লিথগো বলেন, ‘আমার ক্যাটাগরির অন্য তরুণ ভদ্রলোকেরা, আপনারা সবাই দুর্দান্ত কাজ করেছেন। কিন্তু এই ট্রফিটা বুড়ো মানুষটা পেয়ে গেল।’ তিনি আরও যোগ করেন, ‘৫৩ বছরের ব্যবধানে দুটি ভিন্ন টনি পুরস্কারের ট্রফি পাওয়া এক অদ্ভুত অনুভূতি। এই দীর্ঘ সময়ে আমি থিয়েটারের রূপান্তর দেখেছি। আজ মঞ্চের এই মুহূর্ত আমার জীবনের অন্যতম সেরা প্রাপ্তি।’

পাঁচ দশকের বেশি দীর্ঘ ক্যারিয়ারে থিয়েটারের পাশাপাশি সিনেমা ও টিভি সিরিজেও দাপটের সঙ্গে কাজ করছেন জন লিথগো। পেয়েছেন সাতটি এমি, দুটি গোল্ডেন গ্লোবসহ অসংখ্য সম্মাননা। এ ছাড়া চারবার গ্র্যামি ও দুবার অস্কারে মনোনয়ন পেয়েছেন এই কিংবদন্তি অভিনেতা।

শন পেনের বড় সিদ্ধান্ত

প্রেমিকার ছেলের হাতে খুন হলেন অভিনেতা জেমস হ্যান্ডি

পরবর্তী স্পাইডার-ম্যানের পথপ্রদর্শক হতে চান টম হল্যান্ড

আসছে হাউস অব দ্য ড্রাগনের তৃতীয় সিজন, ট্রেলারে ধ্বংসযজ্ঞের আভাস

ম্যাথিউ পেরির মৃত্যুর ঘটনায় সহকারীর ৪১ মাসের কারাদণ্ড

হলিউডের ‘ব্ল্যাকলিস্ট’ সংস্কৃতির তীব্র সমালোচনা করলেন হাভিয়ের বারদেম

৭৯তম কান চলচ্চিত্র উৎসব: আকস্মিক পুরস্কার পেয়ে কাঁদলেন জন ট্রাভোল্টা

এবারের কান উৎসবে হলিউড কেন অনুপস্থিত

কারাবন্দী মায়েদের জন্য কিম কারদাশিয়ানের মানবিক উদ্যোগ

নতুন সিনেমায় ‘হ্যামনেট’ জুটি