হোম > বিনোদন > হলিউড

ম্যাথিউ পেরির মৃত্যুর ঘটনায় সহকারীর ৪১ মাসের কারাদণ্ড

বিনোদন ডেস্ক

ম্যাথিউ পেরি ও সহকারী কেনেথ ইওয়ামাসা। ছবি: সংগৃহীত

জনপ্রিয় সিট কম সিরিজ ‘ফ্রেন্ডস’খ্যাত হলিউড অভিনেতা ম্যাথিউ পেরি মারা যান ২০২৩ সালের ২৮ অক্টোবর। ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছিল, কেটামিন নামক ওষুধের তীব্র প্রতিক্রিয়ায় বাথটাবের পানিতে ডুবে মারা যান তিনি। অভিনেতার মৃত্যুর পর তদন্তে নেমে অবৈধভাবে মাদক সরবরাহ ও পুশ করার অভিযোগে ২০২৪ সালে অভিনেতার সহকারী কেনেথ ইওয়ামাসাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

ম্যাথিউ পেরির মৃত্যুর আড়াই বছর পর, এই মামলার পঞ্চম ও চূড়ান্ত আসামির রায় ঘোষণা করেছেন মার্কিন আদালত। অবৈধভাবে কেটামিন সরবরাহ এবং অভিনেতার শরীরে প্রাণঘাতী ডোজ পুশ করার দায়ে পেরির দীর্ঘদিনের সহকারী কেনেথ ইওয়ামাসাকে ৪১ মাস (৩ বছর ৫ মাস) ফেডারেল কারাগারে কাটানোর নির্দেশ দেওয়া হয়েছে।

গত বুধবার লস অ্যাঞ্জেলেসের ফেডারেল আদালত ইওয়ামাসার এই সাজা ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি তাঁকে দুই বছরের প্রবেশন (তত্ত্বাবধান) এবং ১০ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। আগামী ১৭ জুলাই থেকে ইওয়ামাসার এই কারাদণ্ডের মেয়াদ শুরু হবে।

যা ঘটেছিল সেই দিনে

২০২৩ সালের ২৮ অক্টোবর লস অ্যাঞ্জেলেসের নিজের বাড়ির বাথরুমের হট টাবে মৃত অবস্থায় পাওয়া যায় ৫৪ বছর বয়সী ম্যাথিউ পেরিকে। পরবর্তী তদন্তে জানা যায়, কোনো প্রকার মেডিকেল ট্রেনিং বা লাইসেন্স না থাকা সত্ত্বেও ইওয়ামাসা নিয়মিত পেরির শরীরে কেটামিন ইনজেকশন পুশ করতেন। মৃত্যুর দিনও ইওয়ামাসা অভিনেতাকে পর পর তিনটি কেটামিন ইনজেকশন দিয়ে ঘরের বাইরে জরুরি কাজে চলে যান। ফিরে এসে তিনি পেরিকে হট টাবে উপুড় হয়ে মৃত অবস্থায় ভাসতে দেখেন।

আইনি প্রক্রিয়ার অবসান

আদালতে ইওয়ামাসার আইনজীবীরা যুক্তি দিয়েছিলেন যে, তিনি কেবল তাঁর নিয়োগকর্তার নির্দেশ পালন করছিলেন, তীব্র মাদকাসক্ত পেরিকে ‘না’ বলার ক্ষমতা তাঁর ছিল না। তবে বিচারক এই যুক্তি নাকচ করে দেন। এর আগে ২০২৪ সালের আগস্টে ফেডারেল প্রসিকিউটরদের কাছে নিজের অপরাধ স্বীকার করেছিলেন ইওয়ামাসা।

ম্যাথিউ পেরির মৃত্যুর ঘটনায় মোট ৫ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। ব্যক্তিগত সহকারী ইওয়ামাসার এই সাজার মাধ্যমে দীর্ঘ আড়াই বছরের আইনি লড়াইয়ের চূড়ান্ত অবসান ঘটল। এর আগে এই মামলার অন্যতম মূল অভিযুক্ত জাসভিন সাংঘা (যিনি ‘কেটামিন কুইন’ নামে পরিচিত) ১৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। এছাড়া এ ঘটনায় যুক্ত থাকা দুই চিকিৎসক ও অন্য সহযোগীরাও (প্লাসেন্সিয়া ও ফ্লেমিং) যথাক্রমে আড়াই বছর ও দুই বছরের সাজা ভোগ করছেন।

হলিউডের ‘ব্ল্যাকলিস্ট’ সংস্কৃতির তীব্র সমালোচনা করলেন হাভিয়ের বারদেম

৭৯তম কান চলচ্চিত্র উৎসব: আকস্মিক পুরস্কার পেয়ে কাঁদলেন জন ট্রাভোল্টা

এবারের কান উৎসবে হলিউড কেন অনুপস্থিত

কারাবন্দী মায়েদের জন্য কিম কারদাশিয়ানের মানবিক উদ্যোগ

নতুন সিনেমায় ‘হ্যামনেট’ জুটি

অস্কার ট্রফিকে অস্ত্র ভেবে যত কাণ্ড

হলেই মুক্তি পাবে নার্নিয়ার চতুর্থ সিনেমা

অস্কারের নিয়মে বড় পরিবর্তন

একই দিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’

জুলাইয়ে আসছে ‘এনোলা হোমস থ্রি’