হোম > বিনোদন > হলিউড

হুইলচেয়ারে বসে ইতিহাস বদলানোর গল্প নিয়ে আসছে ‘বিয়িং হিউম্যান’

বিনোদন ডেস্ক

‘বিয়িং হিউম্যান’ সিনেমার দৃশ্য।

প্রতিবন্ধী অধিকার আন্দোলনের অন্যতম অগ্রদূত জুডি হিউম্যানের জীবনের সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে সিনেমা। ‘বিয়িং হিউম্যান’ নামের এই বায়োপিক বানিয়েছেন ২০২২ সালে ‘কোডা’ সিনেমার জন্য অস্কারজয়ী পরিচালক সিয়ান হেডার। সম্প্রতি বিয়িং হিউম্যানের ট্রেলার প্রকাশ করে অ্যাপল স্টুডিওস জানিয়েছে, আগামী ৬ নভেম্বর নির্দিষ্ট কিছু প্রেক্ষাগৃহে মুক্তির পর ১৩ নভেম্বর থেকে অ্যাপল টিভিতে দেখা যাবে সিনেমাটি।

বিয়িং হিউম্যান সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ৩৯ বছর বয়সী ব্রিটিশ অভিনেত্রী রুথ মেডলি। এ ছাড়া সে সময়ের মার্কিন স্বাস্থ্য ও মানবসেবা সচিব জোসেফ এ ক্যালিফানো জুনিয়রের চরিত্রে দেখা যাবে ‘অ্যাভেঞ্জার্স’খ্যাত তারকা মার্ক রাফ্যালো। গুরুত্বপূর্ণ চরিত্রে আরও আছেন ডিলান ও’ব্রায়েন, রে ফিশার, রব ডিলানি প্রমুখ।

১৮ মাস বয়সে পোলিওতে আক্রান্ত হয়ে হুইলচেয়ারনির্ভর হয়ে পড়েন নিউইয়র্কের ব্রুকলিনের বাসিন্দা জুডি হিউম্যান। পরে তিনি হন নিউইয়র্কের প্রথম হুইলচেয়ার ব্যবহারকারী শিক্ষক। সিনেমাটির প্রধান উপজীব্য ১৯৭৭ সালে সান ফ্রান্সিসকোতে ঘটা ঐতিহাসিক ২৬ দিনের প্রতিবাদ আন্দোলন। যখন ফেডারেল সরকার ১৯৭৩ সালের পুনর্বাসন আইনের সেকশন ৫০৪ (প্রতিবন্ধীদের প্রতি বৈষম্যবিরোধী বিধান) বাস্তবায়নে টালবাহানা করছিল, তখন জুডির নেতৃত্বে একদল উদ্যমী ব্যক্তি সরকারি ভবন দখল করে অবস্থান নেন।

মার্কিন ইতিহাসের সবচেয়ে দীর্ঘমেয়াদি সরকারি ভবন দখলের এই ঘটনা পরবর্তী সময়ে প্রতিবন্ধীদের সমান অধিকার আদায়ের পথ সুগম করে। পরিচালক সিয়ান হেডার এই বাস্তব ঘটনাকে অত্যন্ত মানবিক ও বৈপ্লবিক ভঙ্গিমায় পর্দায় তুলে ধরেছেন বিয়িং হিউম্যান সিনেমায়।