হোম > বিনোদন > সিনেমা

দ্বিতীয়বার ক্যানসারে আক্রান্ত উপস্থাপক সামিয়া আফরিন

বিনোদন প্রতিবেদক, ঢাকা

সামিয়া আফরিন। ছবি: সংগৃহীত

প্রতিটি মানুষের জীবনযুদ্ধের ধরন আলাদা। তবে কিছু মানুষ থাকেন, যাঁরা চরম প্রতিকূলতাকেও বরণ করে নেন একবুক সাহস আর অদম্য হাসি দিয়ে। জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন তেমনই এক উদাহরণ। পাঁচ বছর ধরে ক্যানসারের বিরুদ্ধে অদম্য লড়াই চালিয়ে আসার পর আবারও সেই কঠিন বাস্তবের মুখোমুখি হয়েছেন তিনি।

পাঁচ বছর আগে প্রথম ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন সামিয়া আফরিন। দীর্ঘ চিকিৎসার পর পরিস্থিতি স্থিতিশীল হয়ে এসেছিল, ফিরেছিলেন স্বাভাবিক জীবনেও। কিন্তু সেই স্বস্তির মাঝেই প্রায় তিন মাস আগে তাঁর শরীরে দ্বিতীয়বারের মতো ক্যানসার শনাক্ত হয়। এবার ওভারিয়ান ক্যানসার। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার সম্পন্ন হলেও শারীরিক পরীক্ষায় এটি ‘হাই-গ্রেড কার্সিনোমা’ হিসেবে শনাক্ত হওয়ায় এখন কেমোথেরাপি নিতে হচ্ছে তাঁকে।

রোববার রাতে সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ করে নিজের বর্তমান অবস্থার কথা জানান সামিয়া আফরিন। তিনি লিখেছেন, ‘পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছি। প্রথমবার কেমো নিতে হয়নি, ইমিউনোথেরাপির মাধ্যমে চিকিৎসা চলেছিল। এবারের অভিজ্ঞতা তাই আমার কাছে একটু অন্য রকম।’

কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় চুল পড়ে যাওয়ার আগাম বার্তা পেয়েও একটুও ভেঙে পড়েননি সামিয়া। বরং বিষাদকে দূরে ঠেলে নিজেই চুল ছোট করে নতুন হেয়ারস্টাইল নিয়েছেন। সেই লুকের ছবি ফেসবুকে প্রকাশ করে জানিয়েছেন, জীবনের এই কঠিন সময়টাকেও নিজের মতো করে উদ্‌যাপন করতে চান তিনি।

সামিয়া লিখেছেন, ‘ডাক্তার বলেছেন, কেমোর কারণে চুল পড়ে যেতে পারে। তাই বিষয়টাকে নিয়ে মন খারাপ না করে বরং স্পন্টেনিয়াসলি অ্যাকসেপ্ট করার সিদ্ধান্ত নিয়েছি। সবকিছু নিয়ে মন খারাপ করে তো লাভ নেই—সময়ের সঙ্গে নিজেকে অ্যাডাপ্ট করতে পারাটাই আসল। তাই আজ নিজেই সিদ্ধান্ত নিয়ে নতুন হেয়ারকাট করলাম। নিজের এই নতুন লুকটাকে সেলিব্রেট করে নিজেকেই একটু মোটিভেট করতে চাইলাম।’

ক্যানসারের চিকিৎসায় শারীরিক ও মানসিক যন্ত্রণার কথা স্মরণ করে এই উপস্থাপক আরও যোগ করেন, ‘যাঁরা এই পথের মধ্য দিয়ে গেছেন, তাঁরাই জানেন—এই লড়াই কতটা কঠিন। আমি সত্যিই চাই না, আমার কাছের কোনো মানুষকে কখনো এমন একটা জার্নির মধ্য দিয়ে যেতে হোক।’

সব সংশয় দূর করে দ্রুত সুস্থ হওয়ার প্রত্যাশা জানিয়ে পরিশেষে সামিয়া লিখেছেন, ‘সবাই আমার জন্য দোয়া করবেন—আল্লাহ যেন সবকিছু সহজ করে দেন, আগেরবারের মতো এবারও যেন আমার শক্তিটা ধরে রাখতে পারি এবং খুব শিগগিরই আমার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারি।’