হোম > বিনোদন

১২ বছরের সফর শেষে বন্ধ হচ্ছে ‘চিকেন শপ ডেট’

বিনোদন ডেস্ক

‘চিকেন শপ ডেট’ অনুষ্ঠানে আমেলিয়ার অতিথি পল মেসকাল। ছবি: ইনস্টাগ্রাম

ইউটিউবের অন্যতম জনপ্রিয় ইন্টারভিউ সিরিজ ‘চিকেন শপ ডেট’ বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এর স্রষ্টা ও উপস্থাপিকা আমেলিয়া ডিমোল্ডেনবার্গ। টানা ১২ বছর দর্শকদের বিনোদন দেওয়ার পর শোটির ইতি টানতে যাচ্ছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন বার্তায় আমেলিয়া নিশ্চিত করেছেন, আর মাত্র কয়েকটি পর্বের পরই চিরতরে বন্ধ হতে চলেছে ফ্রাইড চিকেনের দোকানে বসে তারকাদের সাক্ষাৎকার নেওয়ার এই ব্যতিক্রমী অনুষ্ঠান।

১৭ বছর বয়সে একটি ম্যাগাজিনের কলাম হিসেবে চিকেন শপ ডেটের সূচনা করেছিলেন আমেলিয়া। তাঁর ধারণাটি ছিল খুব সহজ কিন্তু মজার—একটি সাধারণ ফ্রাইড চিকেনের দোকানে বসে তারকাদের সঙ্গে একটু প্রেম প্রেম ভাব নিয়ে সাক্ষাৎকার। পরবর্তী সময়ে এটি ইউটিউব টকশোতে রূপান্তর করেন আমেলিয়া, যা ধীরে ধীরে হলিউড ও বিশ্বসংগীত তারকাদের জন্য প্রমোশনের অন্যতম জনপ্রিয় ডিজিটাল মাধ্যমে পরিণত হয়।

বিদায়ী বার্তায় আমেলিয়া লেখেন, ‘আমার পুরো ২০-এর দশকটা কেটে গেছে স্বপ্নের মানুষগুলোর মুখোমুখি বসে। যাঁরা এই দীর্ঘ যাত্রায় আমার সঙ্গে ছিলেন এবং প্রতিটি পর্বে একটু হলেও আনন্দ খুঁজে পেয়েছেন, তাঁদের সবার কাছে আমি গভীরভাবে কৃতজ্ঞ। কখনো ভাবিনি এটি বন্ধ করব। কিন্তু এখন মনে হচ্ছে, এবার এই গল্পটা পেছনে ফেলে নতুন কোনো অভিযানের দিকে এগিয়ে যাওয়ার সময় এসেছে।’

আমেলিয়ার এই শোতে আমন্ত্রিত হয়ে এসেছেন পল ম্যাককার্টনি, বিলি আইলিশ, অ্যান্ড্রু গারফিল্ড, পল মেসকাল, ইদ্রিস এলবা, জ্যাক হারলো, কে-পপ তারকা জেনি, জেনিফার লরেন্স, সাবরিনা কার্পেন্টার, এড শিরান, রায়ান রোনাল্ডস, হিউ জ্যাকম্যান, জোনাথন বেইলির মতো বিশ্বখ্যাত তারকারা।

তবে চিকেন শপ ডেট শেষ হলেও বিনোদন ইন্ডাস্ট্রি থেকে দূরে যাচ্ছেন না আমেলিয়া। তিনি জানিয়েছেন, বিবিসির জন্য একটি ইয়াং অ্যাডাল্ট ড্রামা সিরিজ তৈরি করছেন, যাকে জনপ্রিয় ব্রিটিশ ড্রামা ‘স্কিনস’-এর নিজের সংস্করণ বলে উল্লেখ করেছেন আমেলিয়া। এ ছাড়া আমাজন এমজিএম স্টুডিওসের সঙ্গে একটি রোমান্টিক কমেডি সিনেমা তৈরির কাজেও হাত দিয়েছেন তিনি।