হোম > বিনোদন > গান

প্রথমবার দ্বৈত গানে ফাহমিদা নবীর সঙ্গে ইমরান

বিনোদন প্রতিবেদক, ঢাকা

ফাহমিদা নবী ও ইমরান। ছবি: সংগৃহীত

দুই বছরের বেশি সময়ের বিরতি কাটিয়ে ২০২৪ সালের মাঝামাঝি সময়ে সিনেমার গানে কণ্ঠ দিয়েছিলেন ফাহমিদা নবী। এস এম কাইয়ুমের ‘অন্তর্বর্তী’ সিনেমার একটি গানে ভয়েস দেন তিনি। দেড় বছর পর একই সিনেমার আরও একটি গানের রেকর্ডিং করলেন ফাহমিদা নবী। এতে তাঁর সহশিল্পী ইমরান মাহমুদুল। এই প্রথমবার কোনো গানে একসঙ্গে পাওয়া যাবে ফাহমিদা নবী ও ইমরানকে।

‘তোর ঋণ’ শিরোনামের গানটির কথা লিখেছেন এস এম কাইয়ুম। সুর করেছেন রাহুল কুমার দত্ত, সংগীত আয়োজন করেছেন মুশফিক লিটু। গত শুক্রবার মুশফিক লিটুর স্টুডিওতে ভয়েস দেন ফাহমিদা নবী। নির্মাতা এস এম কাইয়ুম জানান, এই সপ্তাহেই ইমরানের ভয়েস রেকর্ড করা হবে।

নতুন এই গান নিয়ে ফাহমিদা নবী বলেন, ‘খুব সুন্দর একটি গান। ছোট ছোট কথা দিয়ে সাজানো হয়েছে। সংগীত পরিচালক, সিনেমার নির্মাতাসহ এই সিনেমার সংশ্লিষ্ট সবার কাজে মুগ্ধ হয়েছি। গানটিতে আমার সহশিল্পী ইমরান। ওর সঙ্গে আগে কখনো গাওয়া হয়নি। আশা করি, গানটি সবার খুব ভালো লাগবে। কারণ এটি খুব মিষ্টি প্রেমের গান।’

এর আগে ‘অন্তর্বর্তী’ সিনেমায় ফাহমিদা নবী গেয়েছেন ‘থাক না দূরের হয়ে’ শিরোনামের গান। এস এম কাইয়ুমের লেখা ও রাহুল কুমার দত্তের সুর করা গানটির সংগীতায়োজন করেছেন পিন্টু ঘোষ। এ গানটি রেকর্ডিংয়ের সময় ফাহমিদা নবী বলেছিলেন, ‘ত্রিভুজ সম্পর্কের গল্প দেখা যাবে অন্তর্বর্তীতে। গল্পের একপর্যায়ে প্রত্যেকেই একেকভাবে শূন্যতায় চলে যায়। তাদের সবার মনের অবস্থার কথাই ফুটে উঠবে গানটিতে।’

ক্যাম্পাসকেন্দ্রিক প্রেম, সামাজিক বিচ্ছিন্নতা ও একজন শিল্পীর পেশাদার জীবনের দীর্ঘ যাত্রার গল্প নিয়ে সাজানো হয়েছে অন্তর্বর্তী সিনেমার চিত্রনাট্য। এটি এস এম কাইয়ুম পরিচালিত প্রথম সিনেমা। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল, আবু হুরায়রা তানভীর ও নীলাঞ্জনা নীলা। এটি আহমেদ রুবেল অভিনীত শেষ সিনেমা।

এস এম কাইয়ুম জানান, এখন অন্তর্বর্তী সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সব কাজ শেষে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রদর্শনীর পরিকল্পনা করা হচ্ছে। এ বছরই দেশের প্রেক্ষাগৃহে অন্তর্বর্তী সিনেমাটি মুক্তি দিতে চান তিনি।

‘বিট ইট’ গানের লুক থেকে মাইকেল জ্যাকসনের বায়োপিকের নতুন পোস্টার

এবার ওটিটিতে দেখা যাবে সরকারি অনুদানের ‘ভাঙন’

অর্থসংকটে আটকে আছে ‘মাস্তুল’

অরিজিৎ সিংয়ের বাড়িতে হঠাৎ আমির খান

‘চুরি করা জমিতে কেউ অবৈধ হয় না’—গ্র্যামি মঞ্চে প্রতিবাদমুখর শিল্পীরা

যে কারণে মহেশ ভাটকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ওশো

গ্র্যামির মঞ্চে কেনড্রিক লামারের রেকর্ড

জেলে যাওয়ার পর প্রেম ভেঙেছে ফারিয়ার

ভাষা দিবসের বিশেষ নাটক ‘চিঠিওয়ালা’

ম্যাজিক বাউলিয়ানা চ্যাম্পিয়ন গাজীপুরের সোহাগ নূরী