হোম > বিনোদন

ভেনিসের পর টরন্টো উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার দৃশ্যে জাইনীন করিম ও বাঁধন। ছবি: সংগৃহীত

আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার। ২ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া উৎসবের ৮৩তম আসরে রিজোন্তি কম্পিটিশন বিভাগে জায়গা পেয়েছে সিনেমাটি। আন্তর্জাতিক প্রিমিয়ারের আগে আরও এক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির অন্তর্ভুক্তির খবর জানালেন নির্মাতা।

কানাডার মর্যাদাপূর্ণ টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (টিআইএফএফ) নির্বাচিত হয়েছে দ্য ডিফিকাল্ট ব্রাইড। আগামী ১০-২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫১তম আসর। বিশ্ব চলচ্চিত্রের অন্যতম বড় এই আসরে সিনেমাটির অন্তর্ভুক্তি বাংলা সিনেমার জন্য এক নতুন মাইলফলক।

নির্মাতা জানিয়েছেন, দ্য ডিফিকাল্ট ব্রাইড একটি মনস্তাত্ত্বিক হরর চলচ্চিত্র। ঢাকার ঐতিহ্যবাহী মেফেয়ার বিউটি পারলারকে কেন্দ্র করে গল্প। কথিত আছে, একসময় এই পারলারে একজন কনে রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন। চলচ্চিত্রটির গল্পে জাইনীন নামের এক তরুণী বিয়ের প্রস্তুতির জন্য পারলারে আসে। সেখানে একের পর এক অদ্ভুত ও অতিপ্রাকৃত ঘটনার মুখোমুখি হয় সে। রহস্য, মনস্তত্ত্ব এবং সুপারন্যাচারাল উপাদানের মধ্য দিয়ে গল্পটি ধীরে ধীরে উন্মোচিত হয়।

সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম। এটি তাঁর অভিনীত প্রথম সিনেমা। এ ছাড়া তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া তিন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল। আরও আছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী।

গত বছর শুটিং হলেও দ্য ডিফিকাল্ট ব্রাইড সিনেমার গল্প নিয়ে রুবাইয়াত হোসেন কাজ করেছেন দুই দশক ধরে। ২০০৬ সালে এই গল্প নিয়ে তৈরি করতে চেয়েছিলেন স্বল্পদৈর্ঘ্য সিনেমা। পরে সিদ্ধান্ত পরিবর্তন করে পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণের পথে হাঁটেন। চিত্রনাট্য নিয়ে ঘুরেছেন বিভিন্ন চলচ্চিত্র উৎসবে। পেয়েছেন আন্তর্জাতিক ফান্ড।

দ্য ডিফিকাল্ট ব্রাইড সিনেমার চিত্র গ্রহণে আছেন পর্তুগালের লিওনর তেলেস, যিনি ২০১৬ সালে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য গোল্ডেন বেয়ারজয়ী সর্বকনিষ্ঠ নির্মাতা হন।

অন্যান্য বিভাগেও কাজ করেছেন আন্তর্জাতিক কলাকুশলীরা। রুবাইয়াত হোসেনের সঙ্গে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন ফ্রান্সের ফ্রাঁসোয়া ডি’আর্টেমারে, জার্মানির আন্না ক্যাচকো, পর্তুগালের পেড্রো বোর্গস ও নরওয়ের ইনগার্ড লিল হটন।

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে টিভি আয়োজন

শিল্পকলায় এথিক নাট্যদলের হাঁড়ি ফাটিবে শতক সন্ধ্যা

বিলুপ্তপ্রায় প্রজাতি রক্ষায় লিওনার্দো ডিক্যাপ্রিওর বড় উদ্যোগ

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, তালিকায় আছেন যাঁরা

চলে গেলেন ভারতীয় অভিনেতা প্রদীপ রাওয়াত

নিজের অভিনয় দেখে নিজের সমালোচনাই বেশি করি

লন্ডনে এক মঞ্চে নচিকেতার সঙ্গে গাইবেন জয় শাহরিয়ার

‘মাইকেল’-এর পর নতুন সিনেমায় জাফর জ্যাকসন

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে বিটিভির আয়োজন

আগস্টে চরকিতে আসছে চার কনটেন্ট