হোম > বিনোদন

ক্যারিয়ারের দশক পূর্তিতে নতুন পরিচয়ে হানিয়া আমির

বিনোদন ডেস্ক

বিনোদন অঙ্গনে পথচলার এক দশক পূর্ণ করলেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। আর এ উপলক্ষ উদ্‌যাপনে নিজেকে নতুন রূপে হাজির করলেন তিনি। পাঞ্জাবি হিপ-হপ ঘরানার মৌলিক গান ‘পাবলো’ প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পা রাখলেন সংগীতের আঙিনায়।

কণ্ঠ দেওয়ার পাশাপাশি পাবলো গানটির কথা ও সুর করেছেন হানিয়া নিজে, পরিচালনা করেছেন মিউজিক ভিডিওটিও। সাম্প্রতিক বছরগুলোতে অনলাইনে তাঁকে নিয়ে চলা ট্রল, ব্যক্তিগত জীবনের কাটাছেঁড়া এবং তাঁকে যারা মেকি বলে কটাক্ষ করে—এই গানের কথায় তাদের সরাসরি জবাব দিয়েছেন হানিয়া।

তবে গানটির সবচেয়ে বড় চমক এসেছে একেবারে শেষ অংশে। গানটির ইতি টানা হয়েছে ভারতীয় রিয়েলিটি শো তারকা রাখি সাওয়ান্তের একটি ভয়েস নোট দিয়ে। সেখানে হানিয়াকে উৎসাহ দিয়ে রাখি বলেন, কোনো সমালোচনা গায়ে না মাখতে। হানিয়াকে সাহসী বাঘিনীর মতো এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। ব্যতিক্রমী এ বিষয়টি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তৈরি করেছে।

মডেলিং ও অভিনয়ের পর এবার সংগীতশিল্পী হিসেবে হানিয়া আমিরের এই সাহসী আত্মপ্রকাশের প্রশংসা জানিয়েছেন সহকর্মীরাও। ইউটিউব ও স্পটিফাইয়ে গানটি মুক্তির পর থেকেই তাঁর এই নতুন সংগীতযাত্রাকে সানন্দে গ্রহণ করেছেন ভক্তরা।

শোবিজে হানিয়া আমিরের পথচলা শুরু ২০১৬ সালে ‘জনান’ সিনেমা দিয়ে। সিনেমায় জনপ্রিয়তার সুবাদে টিভি সিরিয়ালে নাম লেখান। ‘তিতলি’, ‘ফির অহি মোহাব্বত’, ‘আনা’, ‘মেরে দোস্ত মেরে ইয়ার’, ‘মেরে হামসাফার’, ‘কাভি ম্যায় কাভি তুম’ সিরিয়ালগুলো তাঁকে পৌঁছে দেয় জনপ্রিয়তার শীর্ষে। হানিয়া অভিনীত ‘না মালুম আফরাদ ২’, ‘পারওয়াজ হ্যায় জুনুন’সহ বেশ কিছু সিনেমাও আলোচিত হয়েছে। গত বছর হানিয়ার অভিষেক হয়েছে ভারতীয় সিনেমায়। দিলজিৎ দোসাঞ্জের বিপরীতে পাঞ্জাবি ভাষার সিনেমা ‘সর্দারজি ৩’-এ অভিনয় করেছেন তিনি।