ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) আজ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো আন্তর্জাতিক এইচআর দিবস ২০২৬। আইইউবির হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ (অ্যাকাডেমিক) ও হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট (প্রশাসনিক) যৌথভাবে এ আয়োজন করে। দিবসটির এবারের বৈশ্বিক প্রতিপাদ্য ছিল ‘এমপাওয়ার পিপল টু লিড চেঞ্জ’।
আজ সকালে বসুন্ধরা আবাসিক এলাকায় এক বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর আইইউবি সেন্টার কোর্টে উদ্বোধনী পর্ব এবং অডিটোরিয়ামে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন আইইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দিদার এ হোসেইন, ইএসটিসিডিটির ভাইস চেয়ারম্যান ট্রাস্টি ড. হুসনে আরা আলী, উপাচার্য অধ্যাপক ড. ম. তামিম, উপ-উপাচার্য অধ্যাপক ড. ড্যানিয়েল ডব্লিউ. লুন্ড, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান ড. ইকরামুল হাসান ও হেড অব এইচআর শিবলী এইচ আহমদ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিডিডিআরবি-এর হিউম্যান রিসোর্সেস অ্যাডভাইজার ড. মো. মোশাররফ হোসেন এবং গ্রো এন এক্সেলের সিইও ও লিড কনসালট্যান্ট এম. জুলফিকার হুসাইন। পরে মূল প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন করপোরেট এইচআর এবং শিক্ষা খাতের প্রতিনিধিরা।
দিনব্যাপী আয়োজনে ছিল দুটি প্যানেল আলোচনা। পাশাপাশি জিপিএইচ ইস্পাত লিমিটেডের চিফ পিপল অফিসার শারমিন সুলতান এবং বিকাশ লিমিটেডের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মোহাম্মদ ফেরদৌস ইউসুফ পৃথক থট লিডারশিপ প্রেজেন্টেশন উপস্থাপন করেন। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় ইন্ডাস্ট্রি-একাডেমিয়া গোলটেবিল আলোচনা, এইচআর কেস কমপিটিশন এবং পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা।
ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন ফর পিপল ম্যানেজমেন্ট (ইএপিএম) ২০১৯ সালে আন্তর্জাতিক এইচআর দিবসের সূচনা করে। প্রতিবছর ২০ মে বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয় এইচআর পেশাজীবীদের অবদানকে স্বীকৃতি জানাতে।