নতুন মুখ, নতুন স্বপ্ন আর নতুন যাত্রার উচ্ছ্বাসে মুখর ছিল ঢাকার উত্তরার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) ক্যাম্পাস। ৪ জুন বিশ্ববিদ্যালয়টি সামার ২০২৬ সেমিস্টারে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী পরিচিতি ও ইনিশিয়েশন আয়োজন করে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দুই হাজারের বেশি শিক্ষার্থী এবং তাঁদের অভিভাবকের পদচারণে এদিন উৎসবের রূপ নেয় সবুজ-শ্যামল ক্যাম্পাসটি।
পরিচিতি পর্বে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে আইইউবিএটির মিশন ও ভিশন, একাডেমিক নিয়মকানুন, ক্যারিয়ার সার্ভিস, গ্রন্থাগার ও তথ্যপ্রযুক্তি সুবিধা, শিক্ষার্থী সংগঠন ও সহশিক্ষা কার্যক্রম, পরিবহনব্যবস্থা এবং অন্যান্য সুযোগসুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্জন এবং কার্যক্রম নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব। প্রধান অতিথি ছিলেন মাদকাসক্তি প্রতিরোধ সংস্থার (মানস) প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী হক চৌধুরী, করপোরেট ব্যক্তিত্ব ও বিপণনবিশেষজ্ঞ ড. সৈয়দ আলমগীর, ইউনিকো হসপিটালস পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা আর্দ্রা কুরিয়েন এবং টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আয়মান সাদিক। অ্যালামনাই প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফার্স্ট অফিসার মাশরুফা করিম। নবীনদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস। সমাপনী বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমান।
বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তাশক্তি ও গবেষণাভিত্তিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে সময় ব্যবস্থাপনা, সৃজনশীল সমস্যা সমাধান, দলগত কাজে দক্ষতা অর্জন এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
আনুষ্ঠানিক পর্ব শেষে বিভিন্ন বিভাগ ও অনুষদে নবীনদের জন্য পৃথক পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষক, কর্মকর্তা ও জ্যেষ্ঠ শিক্ষার্থীরা নবাগতদের স্বাগত জানিয়ে তাঁদের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
দিনের শেষ ভাগে ছিল আনন্দের আরেক আয়োজন। জনপ্রিয় ব্যান্ড ‘জলের গান’-এর প্রাণবন্ত পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। গানের সুর, উচ্ছ্বাস আর সহপাঠীদের সঙ্গে প্রথম দিনের মিলনমেলায় নবীনদের বিশ্ববিদ্যালয়জীবনের সূচনাটা হয়ে ওঠে আরও স্মরণীয়।