রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক লাল মোহাম্মদ। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এ কর্মকর্তাকে প্রেষণে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ পদে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আজ বুধবার শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
দীর্ঘদিন ধরে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের পদটি শূন্য ছিল। চলতি বছরের মার্চ থেকে প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক রওশন জাহান ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লায়লা আক্তার অবসরগ্রহণের পর তিনি দায়িত্ব নিয়েছিলেন।
একই প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জের সরকারি আদমজীনগর মার্চেন্ট ওয়ার্কারস কলেজের সহযোগী অধ্যাপক নাজমুন নাহারকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) বিশেষজ্ঞ এবং হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের অধ্যাপক আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেনকে এনসিটিবির ঊর্ধ্বতন বিশেষজ্ঞ পদের দায়িত্ব দেওয়া হয়েছে।