হোম > শিক্ষা

প্রাথমিকের শিশুদের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

চলমান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব আগামী ২০ জুন শনিবার ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ছবি: সংগৃহীত

প্রায় আড়াই মাস ধরে সারা দেশে চলমান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব আগামী শনিবার (২০ জুন) ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থেকে ছোটদের ফুটবল উপভোগ করবেন।

আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রাথমিক শিক্ষার্থীদের ফুটবল প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

এপ্রিলে শুরু হয়ে প্রায় আড়াই মাস ধরে বাংলাদেশের তৃণমূল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত ৬৫ হাজার ৩৪২টি স্কুল থেকে ১১ লাখ ছাত্র ও ১১ লাখ ছাত্রী এই ফুটবল প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। গ্রাম থেকে শুরু করে ধারাবাহিকভাবে ইউনিয়ন, উপজেলা ও জেলা বিভাগে উত্তীর্ণ হয়ে ঢাকায় চূড়ান্ত পর্যায়ে এসেছে তারা।

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালিকা শাখায় ময়মনসিংহের নান্দাইলে উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুখোমুখি হবে পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর বালক শাখায় ময়মনসিংহের দড়িরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুখোমুখি হবে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, ‘২০ জুন ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় আর্মি স্টেডিয়ামে। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে থাকবেন। আমাদের শিশুরা যখন দেখবে, এই ছোট ছেলে-মেয়েরা খেলাধুলা করার কারণে জাতীয়ভাবে স্বীকৃতি পাচ্ছে, স্বাভাবিকভাবেই তারা অনেক বেশি অনুপ্রাণিত হবে। আমাদের লক্ষ্য—ধারাবাহিকভাবে অন্তত ৫০ লাখ শিক্ষার্থী যেন পরবর্তী ফুটবল টুর্নামেন্টগুলোতে অংশ নেয়।’

মাহদী আমিন বলেন, ‘ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া শোকেসিংয়ের একটি প্রতিযোগিতাও চলছে। এই প্রতিযোগিতায় ১২ হাজার টিম অংশ নিচ্ছে। প্রতিটি দলে তিনজন শিক্ষার্থী দুজন শিক্ষক, অর্থাৎ ৩৬ হাজার শিক্ষার্থী ১২ হাজার শিক্ষক এই উদ্যোগে যুক্ত আছে। তাদের বিভিন্ন রকমের উদ্যোক্তামূলক চিন্তাভাবনা কী রয়েছে, কী ধরনের উন্নত বৈজ্ঞানিক চিন্তাভাবনা রয়েছে এবং সেগুলোকে আমরা কমার্শিয়ালাইজ করার চিন্তা করছি। ভালো উদ্যোগে ফান্ডিং করার চিন্তাও রয়েছে। আগামী ২৯ জুন বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।’

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রায় ২০ লাখ শিক্ষার্থী গত আড়াই মাস ধরে ইউনিয়ন থেকে বিভাগীয় পর্যায়ের ধাপ অতিক্রম করার পর মেয়েদের দুটি দল ও ছেলেদের দুটি দল চূড়ান্ত পর্বে খেলবে। প্রধানমন্ত্রী চূড়ান্ত পর্বে উপস্থিত থাকবেন। যারা চ্যাম্পিয়ন হবে, তাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সামনে ফিফার মাধ্যমে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। শিশুদের যারা এই গোল্ডকাপগুলো জিতবে, তারা আন্তর্জাতিক মানের খেলোয়াড় হবে।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত ছিলেন। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি এত বড় প্রতিযোগিতায় গণমাধ্যমের সাড়া না পাওয়ায় আক্ষেপ প্রকাশ করেন।

কিউএস র‍্যাঙ্কিংয়ে দেশের শীর্ষ স্থান ধরে রাখল ঢাবি, তালিকায় আরও ১২ বিশ্ববিদ্যালয়

অভিন্ন প্রশ্নে হবে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রেখেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

এলএলবি পরীক্ষার ফল প্রকাশ, দেখুন ওয়েবসাইটে

বিশ্বসেরা এমআইটিতে পড়তে খরচ কেমন, জেনে নিন

নিজেকে প্রস্তুত করার সময় এখনই

সুইজারল্যান্ডে পড়াশোনার স্বপ্ন যাদের

বিজ্ঞান ও উদ্ভাবনী প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে জায়গা করে নিল মাইলস্টোন আফতাবনগর

২৩৭ কলেজ অধ্যক্ষকে শোকজ

‎শিক্ষামন্ত্রীর নেতৃত্বে জাতীয় অধ্যাপক ‘নিয়োগ সুপারিশ’ কমিটি