দেশের দুটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে পরিবর্তনের অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রতিষ্ঠান দুটি হলো পিরোজপুরের নাজিরপুর কলেজ ও ভোলার চরফ্যাশনের জনতা বাজার কলেজ।
আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা পৃথক অফিস আদেশে এই অনুমোদন দেওয়া হয়।
অফিস আদেশ অনুযায়ী, পিরোজপুরের নাজিরপুর উপজেলার নাজিরপুর কলেজের নতুন নাম হবে ‘শহীদ জিয়া কলেজ, নাজিরপুর, পিরোজপুর’। অন্যদিকে ভোলার চরফ্যাশনের জনতা বাজার কলেজের নাম পরিবর্তন করে ‘জনতা বাজার শহীদ জিয়াউর রহমান কলেজ, চরফ্যাশন, ভোলা’ রাখা হয়েছে।
এ ছাড়া পৃথক দুটি অফিস আদেশে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে ‘সৈয়দ সঈদউদ্দীন ডিগ্রি কলেজ’ এবং কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আয়েশা ছিদ্দিক মহিলা কলেজের নাম পরিবর্তন করে ‘আয়েশা ছিদ্দিক মডেল কলেজ’ রাখার অনুমতি দেওয়া হয়েছে।