প্রাইম ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘৩য় পুনর্মিলনী-২০২৬’ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় প্রাইম ইউনিভার্সিটি ক্যাম্পাসে এই আয়োজন শুরু হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ব্যাচের বিপুলসংখ্যক অ্যালামনাই অংশ নেন। দিনব্যাপী এই আয়োজনে ছিল স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র, সম্মাননা প্রদান ও প্রীতিভোজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. কাজী দীন মোহাম্মদ খসরু। বিশেষ অতিথি ছিলেন সাবেক বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান মীর সাহাবুদ্দীন, সদস্য মামুন সোবহান, ফিরোজ মাহমুদ হোসাইন এবং উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুর রহমান।
পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম মেহেদী আকরাম। বক্তারা এ ধরনের আয়োজনকে অ্যালামনাইদের পারস্পরিক সম্পর্ক, পেশাগত নেটওয়ার্কিং ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন।
আয়োজক কমিটির আহ্বায়ক খোন্দকার হাসানুজ্জামান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গোলাম সারোয়ারসহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করেন। তাঁরা ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও সম্প্রসারণের আশা ব্যক্ত করেন।
দিনব্যাপী সাংস্কৃতিক পর্বে প্রাইম ইউনিভার্সিটির সাংস্কৃতিক দল, কারার সুফি ব্যান্ড, দাগ ব্যান্ডসহ জনপ্রিয় সংগীতশিল্পীরা পরিবেশনা করেন, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহমুদ হাসান নিসান ও আবু সালেহ। আয়োজকেরা অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।