হোম > শিক্ষা

পরামর্শ

বৃত্তির আবেদনের কাগজপত্র গোছাবেন যেভাবে

সাব্বির হোসেন

বিদেশে উচ্চশিক্ষার জন্য বৃত্তি পাওয়ার প্রতিযোগিতা দিন দিন বাড়ছে। তাই শুধু ভালো ফল করলেই হবে না, আবেদনপত্রের প্রতিটি কাগজপত্রও হতে হবে সঠিক ও নির্ভুল। প্রতিটি বৃত্তি ও বিশ্ববিদ্যালয়ের আবেদনপ্রক্রিয়া আলাদা হলেও কিছু নথি প্রায় সব ক্ষেত্রেই প্রয়োজন হয়। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ট্রান্সক্রিপ্ট, সনদ ও রিকমেন্ডেশন লেটার সংগ্রহে সময় লাগে। তাই আগে থেকে সব নথি গুছিয়ে রাখা বুদ্ধিমানের কাজ।

গুরুত্বপূর্ণ কাগজপত্র

প্রথমে প্রয়োজন পাসপোর্ট। এটি আন্তর্জাতিক পরিচয়ের প্রধান দলিল। ভিসা ও অন্য প্রক্রিয়ার সুবিধার জন্য পাসপোর্টের মেয়াদ অন্তত আরও দুই থেকে তিন বছর থাকা ভালো।

এরপর প্রয়োজন একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সনদ। এসএসসি, এইচএসসি এবং স্নাতক (বা স্নাতকোত্তর) পর্যায়ের সব সনদ প্রস্তুত রাখুন। অনেক বিশ্ববিদ্যালয় ইংরেজি ভাষায় সনদ চায়। সনদ বাংলায় হলে স্বীকৃত অনুবাদক দিয়ে ইংরেজিতে অনুবাদ করে নোটারি করিয়ে নিন।

  • বৃত্তির আবেদনে গুরুত্বপূর্ণ একটি নথি হলো সিভি বা রেজ্যুমে। এতে শিক্ষাগত যোগ্যতা, গবেষণা, কাজের অভিজ্ঞতা এবং সহশিক্ষা কার্যক্রম সংক্ষেপে তুলে ধরুন।
  • সবচেয়ে গুরুত্বপূর্ণ নথিগুলোর একটি হলো স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) বা মোটিভেশন লেটার। এতে কেন এই বিষয়ে পড়তে চান, আপনার ভবিষ্যৎ লক্ষ্য কী এবং বৃত্তিটি কীভাবে সেই লক্ষ্য অর্জনে সহায়তা করবে, তা স্পষ্টভাবে লিখতে হবে।
  • দুই থেকে তিনটি রিকমেন্ডেশন লেটার প্রয়োজন হয়। এগুলো সাধারণত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা গবেষণা সুপারভাইজরের কাছ থেকে সংগ্রহ করতে হয়।
  • ইংরেজি দক্ষতার প্রমাণ হিসেবে আইইএলটিএস, টোফেল বা পিটিইর স্কোর আবেদনকে শক্তিশালী করে। তবে ইউরোপের কিছু বিশ্ববিদ্যালয় বা বৃত্তিতে পূর্ববর্তী ডিগ্রির মিডিয়াম অব ইনস্ট্রাকশন (এমওআই) গ্রহণ করা হয়। এটি প্রতিষ্ঠানভেদে ভিন্ন। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শর্ত ভালোভাবে দেখে নিন।

অতিরিক্ত কাগজপত্র

রিসার্চ প্রপোজাল: মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে গবেষণার বিষয়, সমস্যা, পদ্ধতি ও সম্ভাব্য ফল উল্লেখ করতে হয়।

মেডিকেল সার্টিফিকেট: জাপান (মেক্সট), অস্ট্রেলিয়া বা কানাডার কিছু বৃত্তি ও ভিসা-প্রক্রিয়ায় এটি প্রয়োজন হয়।

অভিজ্ঞতার সনদ ও পোর্টফোলিও: আর্কিটেকচার, ডিজাইন বা ব্যবসায় শিক্ষাসংশ্লিষ্ট বিষয়ে আবেদনকারীদের জন্য এগুলো বাড়তি সুবিধা এনে দিতে পারে।

ডকুমেন্ট প্রস্তুতির কার্যকর পরামর্শ

  • শুরুতে একটি চেকলিস্ট তৈরি করুন। সব নথি স্ক্যান করে পিডিএফ আকারে সংরক্ষণ করুন।
  • ফাইলের নাম স্পষ্টভাবে লিখুন। যেমন— SSC_Transcript _YourName.pdf।
  • প্রয়োজন হলে নোটারি বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সত্যায়িত কপি সংগ্রহ করে রাখুন।
  • রিকমেন্ডেশন লেটারের জন্য অন্তত এক মাস আগে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করুন।
  • একই এসওপি সব বিশ্ববিদ্যালয়ে জমা দেবেন না। প্রতিটি বিশ্ববিদ্যালয় ও বৃত্তির চাহিদা অনুযায়ী তা সংশোধন করুন।

যেসব ভুল এড়িয়ে চলবেন

আবেদনের শেষ সময় পার হওয়ার পর কাগজপত্র জমা দেওয়া বড় ভুল। এ ছাড়া দুর্বল বা অস্পষ্ট এসওপি, ভুল থাকা ট্রান্সক্রিপ্ট, সাধারণ মানের রিকমেন্ডেশন লেটার এবং অসম্পূর্ণ তথ্য আবেদনকে দুর্বল করে দিতে পারে।

অনেকে মনে করেন, ভালো আইইএলটিএস স্কোর থাকলেই বৃত্তি পাওয়া সহজ। বাস্তবে একাডেমিক ফল, গবেষণার অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা ও সহশিক্ষা কার্যক্রমও সমান গুরুত্ব পায়।

বৃত্তির আবেদন দীর্ঘ একটি প্রক্রিয়া। তবে প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকে গুছিয়ে রাখলে অনেক জটিলতা এড়ানো যায়। তাই ধাপে ধাপে প্রস্তুতি নিন, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করুন এবং সময়মতো আবেদন সম্পন্ন করুন।

তথ্যসূত্র: বাইরে পড়ব

জবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা গবেষণায় পাবেন ২ লাখ টাকা

প্রাইম ইউনিভার্সিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ইংরেজি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার অনুষ্ঠিত

জাবিতে এমএসসি ইন রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএসে ভর্তি পরীক্ষা ৩ আগস্ট

টরন্টো ইউনিভার্সিটিতে সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতক পড়ার সুযোগ

ক্যাম্পাসে বিশ্বকাপ ফাইনালের উন্মাদনা

প্রতিষ্ঠার ২৮ বছরে গণ বিশ্ববিদ্যালয়

প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা

ইংরেজি চর্চা: ইংরেজিতে Connectors-এর ব্যবহার (পর্ব–২)

ববি উপাচার্যের ‘জিরো টলারেন্স’ ঘোষণার দিনই র‍্যাগিংয়ে নাজেহাল অর্ধশত শিক্ষার্থী