ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত অ্যাকাউন্টিং বিভাগে মাস্টার অব প্রফেশনাল অ্যাকাউন্টিং (এমপিএ) প্রোগ্রামের ১৯তম ব্যাচে ভর্তির আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর ২০২৬। এদিন লিখিত ও বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রোগ্রামটি দুই বছর মেয়াদি। এতে মোট ৫১ ক্রেডিট রয়েছে। কর্মজীবীদের সুবিধার্থে শুক্রবার, শনিবার ও সপ্তাহের অন্যান্য কর্মদিবসে সন্ধ্যায় ক্লাস নেওয়া হবে।
আবেদনের যোগ্যতা হিসেবে প্রার্থীদের স্নাতক পর্যায়ে দ্বিতীয় শ্রেণি অথবা ৪.০০-এর মধ্যে ন্যূনতম ২.৫০ সিজিপিএ থাকতে হবে। পাশাপাশি কমপক্ষে এক বছরের পেশাগত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে অ্যাকাউন্টিং ও ফিন্যান্স বিষয়ে শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীরা ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
আগ্রহী প্রার্থীরা ১ হাজার ৫০০ টাকা আবেদন ফি জমা দিয়ে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন।