জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের একটি পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই নারীর মৃত্যু হয়েছে।
আজ সোমবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ।
মৃতরা হলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার আলুকান্দা স্ট্যান্ড বাজার পশ্চিমপাড়া এলাকার শফিকুল ইসলামের স্ত্রী জুলিয়া (২০) এবং একই এলাকার আতিকুর রহমানের মেয়ে রাবেয়া (১৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে ওই দুই নারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের একটি পুকুরে গোসল করতে নামেন। একপর্যায়ে তাঁরা পানিতে তলিয়ে যান। পরে স্থানীয় লোকজন উদ্ধার করলেও তাঁদের বাঁচানো যায়নি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এএসআই রেজাউল করিম জানান, বিকেল ৫টার দিকে স্থানীয় লোকজন ওই দুই নারীকে উদ্ধার করেন। মরদেহগুলোর বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে এ ঘটনার পর দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে জনসাধারণের গোসল ও ঘাট ব্যবহারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন নিষেধাজ্ঞা জারি করেছে। প্রশাসন এক নোটিশে বিনা অনুমতিতে পুকুরে গোসল কিংবা ঘাটে প্রবেশ ও অবস্থান করলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে সতর্ক করেছে।