হোম > শিক্ষা

এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ও ফলাফল ডিসেম্বরে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ, উত্তরপত্র মূল্যায়ন ও ফলাফল প্রকাশের কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা করা হয়েছে।

আজ সোমবার আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ, উত্তরপত্র মূল্যায়ন ও ফল প্রকাশের কাজ ২ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার একটি খসড়া রোডম্যাপ তৈরি করা হয়েছে। এটি অনুমোদন পেলে নির্ধারিত সময়ের মধ্যে পুরো কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে।

ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা এক মাসের মধ্যে নেওয়া হবে।

বর্তমানে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় কোনো পরীক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে তাকে পরের বছর আবার পরীক্ষায় অংশ নিতে হয়। সে ক্ষেত্রে শুধু অকৃতকার্য বিষয়গুলোতে অথবা চাইলে সব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এবার এক বিষয়ে অকৃতকার্য হয়েছে ২ লাখ ৯৮ হাজার ৪০ জন শিক্ষার্থী। আর দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন। সব মিলিয়ে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৯০৫। এ ছাড়া সব মিলিয়ে মোট অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ৫ লাখ ৯৪ হাজার ১১৩।

যেসব শিক্ষার্থী এক বা দুই বিষয়ে পুনঃপরীক্ষায় অংশ নেবে, তাদের সনদে কী উল্লেখ থাকবে—এমন প্রশ্নের জবাবে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, এসব পরীক্ষার্থীর ফলাফল নতুন করে প্রকাশ করা হবে। আগের পরীক্ষায় যেসব বিষয়ে তারা উত্তীর্ণ হয়েছে, সেসব বিষয়ের ফল বহাল থাকবে। শুধু নতুন পরীক্ষায় অর্জিত ফল আগের ফলের সঙ্গে যুক্ত হবে।

এক বা দুই বিষয়ে পরীক্ষা নেওয়ার কর্মপরিকল্পনা কবে নাগাদ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে—এমন প্রশ্নে চেয়ারম্যান জানান, ৪ নভেম্বর কর্মপরিকল্পনাটি প্রকাশের কথা রয়েছে।

এদিকে, এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ চলবে ৭ নভেম্বর পর্যন্ত। ২৭ নভেম্বর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে।

‎শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ প্রয়োজন: শিক্ষামন্ত্রী

বর্ণাঢ্য আয়োজনে উদ্‌যাপিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী

এইচএসসিতে ফল বিপর্যয়ের প্রভাব: শিক্ষার্থী সংকট হবে উচ্চশিক্ষায়

খারাপ ফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির নির্দেশ শিক্ষামন্ত্রীর

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, শেষ ৭ নভেম্বর

লিটারেচার রিভিউর মানচিত্রে স্টোরিবোর্ড

ঐতিহ্য, গবেষণা ও বিশ্বমানের উচ্চশিক্ষা

উৎকর্ষের অভিযাত্রায় ইউএসটিসি

ইউরোপে সম্পূর্ণ বৃত্তিতে পড়ার সুযোগ

ব্র্যাক ইউনিভার্সিটির অনারারি ফেলোশিপ পেলেন পিটার সিঙ্গার