হোম > শিক্ষা

এবার সব পর্যায়ের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা শেকৃবি শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

পুরোনো গবেষণার মাঠ বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন আরও জোরদার করতে অনির্দিষ্টকালের জন্য সব পর্যায়ের পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। একই সঙ্গে প্রতিদিন বেলা ১১টার পর কোনো ক্লাসে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা

এদিকে প্রশাসন বলছে, দাবি নিয়ে কাজ চলছে। শিক্ষার্থীরা ক্লাসে ফিরে আসুক।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময় সভা শেষে এ ঘোষণা দেওয়া হয়। বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে এ সভা।

সভা শেষে শিক্ষার্থীরা জানান, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ের পরীক্ষা বর্জন করবেন তাঁরা। পাশাপাশি প্রতিদিন বেলা ১১টার পর কোনো ক্লাসেও অংশ নেবেন না।

আন্দোলনরত শিক্ষার্থী ওয়াসিউল হাসান সরকার বলেন, আন্দোলন আরও বেগবান করতে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তিন দিনের সময় দিয়ে স্মারকলিপি দেওয়া হয়েছিল। ওই সময়ের মধ্যে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি।

পুরোনো গবেষণার মাঠ বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছেন শেকৃবির শিক্ষার্থীরা। মাঠটিতে সচিবালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ, অবস্থান ও সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন তাঁরা।

শিক্ষার্থীদের দাবি, মাঠটি বিশ্ববিদ্যালয়ের জায়গা। কৃষিবিষয়ক গবেষণার স্বার্থে এটি বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দিতে হবে। মাঠটি সচিবালয়ের জন্য ব্যবহার করা হলে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি ক্যাম্পাসের পাশে সচিবালয় স্থাপিত হলে ভবিষ্যতে নানা সমস্যার সৃষ্টি হতে পারে।

এদিকে গত বুধবার পুরোনো বাণিজ্য মেলার মাঠে নির্মাণাধীন দুটি মেলার স্থাপনা ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় মেলা কর্তৃপক্ষের পক্ষ থেকে মামলা করা হয়েছে। তবে গবেষণার মাঠ বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

চলমান এসব বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর তাজুল ইসলাম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থীরা তাঁদের দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছেন। প্রশাসনিকভাবে বিষয়টি এগিয়ে নেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা জানতে চাইছেন, কেন দ্রুত অগ্রগতি হচ্ছে না। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের জানিয়েছে, প্রশাসনিকভাবে কাজ এগিয়ে চলছে।

ক্লাস-পরীক্ষা বর্জনের বিষয়ে তাজুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা অনানুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আমরা শিক্ষক হিসেবে তো এটা চাইতে পারি না, তাঁরা পাঠদান কক্ষে ফিরে না আসুক।’

ঢাবিতে এমপিএ প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু

এইচএসসির ফল বিবেচনায় রাবির ভর্তি আবেদনের শর্ত শিথিল

‎শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ প্রয়োজন: শিক্ষামন্ত্রী

এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ও ফলাফল ডিসেম্বরে

বর্ণাঢ্য আয়োজনে উদ্‌যাপিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী

এইচএসসিতে ফল বিপর্যয়ের প্রভাব: শিক্ষার্থী সংকট হবে উচ্চশিক্ষায়

খারাপ ফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির নির্দেশ শিক্ষামন্ত্রীর

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, শেষ ৭ নভেম্বর

লিটারেচার রিভিউর মানচিত্রে স্টোরিবোর্ড

ঐতিহ্য, গবেষণা ও বিশ্বমানের উচ্চশিক্ষা