হোম > অর্থনীতি > করপোরেট

ইলেক্ট্রো মার্টের নুরুল আফছার পেলেন কমনওয়েলথের দুই পুরস্কার

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: বিজ্ঞপ্তি

ইলেক্ট্রো মার্ট গ্রুপের ডিএমডি ও সিইও মো. নুরুল আফছার ‘কমনওয়েলথ টপ ১০০ সিইও অ্যাওয়ার্ড ২০২৬’ এবং ‘কমনওয়েলথ করপোরেট লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন। নেতৃত্ব, কৌশলগত দূরদৃষ্টি, ব্যবসায়িক উৎকর্ষ এবং কমনওয়েলথ অঞ্চলে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এ দুটি পুরস্কার পেয়েছেন।

সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনের মিলেনিয়াম গ্লস্টার হোটেল লন্ডন কেনসিংটনের কনজারভেটরি রুমে চতুর্থ ‘কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬’ অনুষ্ঠিত হয়। নেতৃত্ব, প্রাতিষ্ঠানিক উন্নয়ন, পেশাগত উৎকর্ষ এবং কমনওয়েলথ কমিউনিটিতে অবদানের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ আয়োজনে স্বীকৃতি দেওয়া হয়।

অনুষ্ঠানে কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের ব্যবসায়ী নেতা, উদ্যোক্তা, বিনিয়োগকারী, পেশাজীবী, কূটনীতিকসহ বিশিষ্ট অতিথিরা অংশ নেন। লন্ডনের মেয়র, লেসোথোর হাই কমিশনার মোসুয়ে লেতুমা এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা মো. নুরুল আফছারের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন।

আয়োজকদের স্বীকৃতিতে বলা হয়, নুরুল আফছারের এই পুরস্কার তাঁর দূরদর্শী নেতৃত্ব, কৌশলগত প্রভাব এবং নিজ ক্ষেত্রে উৎকর্ষ অর্জনে অবিচল প্রতিশ্রুতির প্রতিফলন। তাঁর পেশাগত জীবন ও অর্জন বাংলাদেশের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতে নেতৃত্ব ও উদ্ভাবনের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

৩৩ বছরেরও বেশি কর্মময় জীবনে মো. নুরুল আফছার উদ্ভাবন, অংশগ্রহণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ইলেক্ট্রো মার্ট গ্রুপ এবং বাংলাদেশের ইলেকট্রনিক্স খাতকে এগিয়ে নিতে ভূমিকা রেখেছেন।

মো. নুরুল আফছারের নেতৃত্বে ইলেক্ট্রো মার্ট গ্রুপ বাংলাদেশের ইলেকট্রনিক্স শিল্পে বিশেষ অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। নিত্যনতুন মার্কেটিং কৌশল, ইলেকট্রনিক্স পণ্যে বৈচিত্র্য আনা, নিয়মিত বাজার গবেষণা, পণ্য উন্নয়ন, বিশ্বের শীর্ষস্থানীয় কনকা ও গ্রি ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনের জন্য কারখানা স্থাপন, বাজার সম্প্রসারণ এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রতিষ্ঠানে টেকসই উন্নতি ও উৎকর্ষ অর্জনে তিনি ভূমিকা রেখেছেন। একই সঙ্গে প্রতিষ্ঠানে অংশগ্রহণমূলক কর্মক্ষেত্রের সংস্কৃতি গড়ে তুলেছেন।

ইলেক্ট্রো মার্ট গ্রুপের চেয়ারম্যান মো. নুরুল আফছারকে তাঁর এই স্বীকৃতির জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা মো. নুরুল আফছারকে তাঁর এই প্রাপ্য স্বীকৃতির জন্য অভিনন্দন জানাই। তাঁর উদ্ভাবনী ও দূরদর্শীসম্পন্ন নেতৃত্ব ইলেক্ট্রো মার্ট গ্রুপকে অনেক দূর এগিয়ে নিয়েছে, উৎকর্ষ অর্জনের সংস্কৃতি গড়তে সহায়ক ভূমিকা পালন করেছে। এই পুরস্কার ও স্বীকৃতি তাঁর অসামান্য অবদানকে প্রতিফলিত করে। শিল্পের প্রতি তাঁর অবিচল নিষ্ঠা ও গুরুত্বপূর্ণ অবদান এবং এই স্বীকৃতি প্রাপ্তিতে ইলেক্ট্রো মার্ট পরিবার তাঁকে বিশেষ সম্মান ও অভিনন্দন জানায়।’

এদিকে, এ স্বীকৃতির জন্য আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান মো. নুরুল আফছার। তিনি বলেন, ‘আমরা বিশ্ব মঞ্চে স্বীকৃতি পেয়ে আনন্দিত ও সম্মানিত বোধ করছি। এ স্বীকৃতি মাধ্যমে আমাদেরকে আরও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে। আগামীতে বাংলাদেশের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতকে এগিয়ে নিতে আমরা এক সঙ্গে কাজ করব।’