হোম > অর্থনীতি

লেবু, তেল, চিনি ও ছোলার দাম কমানোর ঘোষণা কারওয়ান বাজারের ব্যবসায়ীদের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

কারওয়ান বাজারের কিচেন মার্কেটে ইসলামিয়া শান্তি সমিতির আয়োজনে এক সংবাদ সম্মেলনে বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ঘোষণা দেন ব্যবসায়ীরা। ছবি: আজকের পত্রিকা

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় বেশ কিছু পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছেন কারওয়ান বাজারের ব্যবসায়ীরা। প্রতি পিস লেবু ২ টাকা, তেল প্রতি লিটারে ১ টাকা, চিনি প্রতি কেজি ১ টাকা, ছোলা ২ টাকা, ট্যাং ২০০ গ্রাম প্যাকেটে ৫ টাকা, মাংস প্রতি কেজি ৩০ টাকা ও মিনিকেট চালের দাম প্রতি কেজি ১ টাকা কমিয়ে বিক্রির ঘোষণা দেন ব্যবসায়ীরা।

আজ সোমবার কারওয়ান বাজারের কিচেন মার্কেটে ইসলামিয়া শান্তি সমিতির আয়োজনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম মিলন। ব্যবসায়ীদের ওই সংবাদ সম্মেলনে সম্মতি প্রকাশ করে তিনি সেখানে উপস্থিত হন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

এ সময় তিনি বলেন, আমরা সব ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ দাম কমিয়েছি। কারও ওপর চাপিয়ে দিতে চাইনি। রমজানের দায়িত্ববোধ ও নৈতিকতা থেকে লাভের অংশ থেকে তারা এ ছাড় দিয়েছেন তারা।

সংবাদ সম্মেলনে কারওয়ান বাজার পাকা মার্কেট আড়তদার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুজন বলেন, আমরা শ্রীমঙ্গল থেকে ১১ থেকে ১২ টাকা পিস লেবু কিনি। সেটা কারওয়ান বাজারে এনে ৫ ক্যাটাগরিতে আলাদা করে বিক্রি হয়। কিছু লেবু ৩-৪ টাকা বিক্রি হয়, আবার ভালো বড় লেবু দাম ১৭ টাকাও বিক্রি হয়। আমরা এখন থেকে প্রতি লেবুতে ২ টাকা কমিয়ে দেব। অর্থাৎ যে লেবুর দাম ১৭ টাকা ছিল, সেটা ১৫ টাকায় বিক্রি হবে।

মাংস ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, এখন থেকে আমরা ৩০ টাকা কমে ৭৫০ টাকায় প্রতিকেজি মাংস বিক্রি করব। ছোলার দাম প্রসঙ্গে কুমিল্লা স্টোরের কর্ণধার গোফরান বলেন, এত দিন আমরা ছোলা ৮০ কিনে ৮৫ টাকা বিক্রি করেছি। এখন লাভ ২ টাকা কমে ৮৩ টাকা বিক্রি করব।

সব তেল বিক্রেতাদের পক্ষে আখি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবু বক্কর সিদ্দিক বলেন, আমরা ৫ লিটার তেল ৯২০ টাকা বিক্রি করি। গায়ের দাম আরও বেশি ৯৫০ টাকা। এখন থেকে প্রতি ৫ লিটারে ৫ টাকা ছাড় দেওয়া হবে।

কিচেন মার্কেটের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন বলেন, চিনি প্রতি কেজি প্যাকেটের গায়ের দাম ১০৫ টাকা, আমরা কারওয়ান বাজারে ১০২ টাকায় বিক্রি করতাম, এখন থেকে ১০১ টাকা বিক্রি করব।

ট্যাংয়ের দাম নিয়ে আরেক ব্যবসায়ী বলেন, বাজারে ২ কেজি জার ট্যাং ১৯০০ টাকা এমআরপিতে বিক্রি হয়। আমাদের কারওয়ান বাজারে বিক্রি হতো ১৫৮০ টাকা। এখন ১৫৬০ টাকা বিক্রি হবে। ছোট পেপার বক্স ৩৮০ টাকা বিক্রি হবে, যা আগে ৩৮৫ টাকা ছিল।

চাল ব্যবসায়ীরা বলেন, আগে মিনিকেট চাল প্রতি কেজি ২ টাকা লাভ করতাম, এখন ১ টাকা লাভে বিক্রি করব। ৮১ টাকা থেকে কমিয়ে এখন থেকে মিনিকেট চাল ৮০ টাকা করে বিক্রি হবে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কৃষি ব্যাংকের শ্রদ্ধা

‘নগদ’ কেনাকাটায় রোমাঞ্চকর হেলিকপ্টার ভ্রমণের সুযোগ

সোনালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা অনুষ্ঠিত

সবুজ সনদ পেল আরও দুই পোশাক কারখানা

লিজার হোটেলিয়ার্স অব বাংলাদেশের ইফতার আয়োজন

শিগগির বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে: বাণিজ্যমন্ত্রী

চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ব্যবসায়ী নেতাদের

এক দিন পরই সোনার দাম বাড়ল তিন হাজার টাকার বেশি

চুক্তির শর্ত আবার ভেবে দেখার সুযোগ এসেছে

চট্টগ্রাম বন্দর: মামলা-বদলি প্রত্যাহার চান শ্রমিকেরা, আবারও আন্দোলনের শঙ্কা