হোম > অর্থনীতি

বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় সমন্বিত সার্কুলার জারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা ও কার্যক্রম আরও সুশৃঙ্খল ও সহজ করতে বিদ্যমান বিধিবিধান ও নির্দেশনা একত্র করে সমন্বিত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ সার্কুলার জারি করা হয়েছে।

ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৭-এর ২০(৩) ধারার ক্ষমতাবলে জারি করা সার্কুলারে গাইডলাইনস ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশনস-২০১৮-এর প্রথম খণ্ডে অন্তর্ভুক্ত বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা ও কার্যক্রমসংক্রান্ত আগের নির্দেশনা এবং পরবর্তী সময়ে জারি করা সার্কুলারগুলো রহিত করা হয়েছে। তবে গাইডলাইনসের দ্বিতীয় খণ্ডে থাকা মাসিক প্রতিবেদন দাখিলসংক্রান্ত নির্দেশনা বহাল থাকবে।

নতুন সার্কুলারে বিনিময় হার নির্ধারণ ও প্রতিবেদন দাখিল, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর লেনদেন, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (এসিইউ) মাধ্যমে অর্থ পরিশোধ ও নিষ্পত্তি, বৈদেশিক মুদ্রার হিসাব, ওপেন পজিশন সীমা এবং নস্ট্রো হিসাবের সমন্বয়সংক্রান্ত নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া ফরওয়ার্ড লেনদেন, সোয়াপ এবং আমদানি বাণিজ্যে পণ্যমূল্যের ঝুঁকি হেজিংয়ের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।

সার্কুলারে ভার্চুয়াল সম্পদ ও ভার্চুয়াল মুদ্রার বিনিময়, স্থানান্তর ও লেনদেনের ওপর নিষেধাজ্ঞাসংক্রান্ত নির্দেশনাও অন্তর্ভুক্ত রয়েছে।

জারির তারিখ থেকে এক বছরের জন্য সার্কুলারটি কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে নতুন যেসব নির্দেশনা জারি করা হবে, সেগুলোও এই সার্কুলারের সঙ্গে সমন্বয় করে অনুসরণ করতে হবে।

খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, বিভিন্ন সময়ে জারি করা বিচ্ছিন্ন নির্দেশনা এক জায়গায় সংকলিত হওয়ায় বৈদেশিক মুদ্রাসংক্রান্ত বিধিবিধান খুঁজে পাওয়া, বোঝা ও অনুসরণ করা সহজ হবে। এতে অনুমোদিত ডিলার ব্যাংকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জন্য নিয়মকানুন মেনে চলার প্রক্রিয়া আরও সহজ ও সুসংহত হবে।

ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার

নভেম্বরে জ্বালানি তেলের দাম জানাল সরকার

বর্ণিল আয়োজনে আইএসইউতে নবীনবরণ, নতুনদের পদচারণায় উৎসবের আমেজ

মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ঢাকায় শুরু আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ

ফের বাড়ল সোনার দাম, ভরি যত হলো

ফের শান্তি আলোচনা শুরুর সম্ভাবনায় কমল তেলের দাম

সুলভ সরকারি এলপিজি কোথায় যায়, কারা পায়

ব্যবসায়ীদের কমিশন বৃদ্ধির গণশুনানি আজ

১১তম বার্ষিক ব্যাংকিং সম্মেলন: সরকারি ঋণের চাপে বাধাগ্রস্ত হচ্ছে মুদ্রানীতির কার্যকারিতা