হোম > অর্থনীতি

এনআইডি ছাড়াও প্রবাসীরা যেভাবে পেনশনে যুক্ত হতে পারবেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশে প্রথমবারের মতো চালু হয়েছে সর্বজনীন পেনশন স্কিম। সরকারি চাকরিজীবী ছাড়া দেশের সব নাগরিক এই পেনশন সুবিধার আওতায় আসতে পারবেন। অর্থাৎ বয়স ১৮ বছরের বেশি হলেই পেনশনের স্কিমের জন্য অনলাইনে নিবন্ধন করা যাবে।

সর্বজনীন পেনশন স্কিমে প্রবাসীদের যুক্ত থাকার সুযোগ রয়েছে। বিদেশে কর্মরত বা অবস্থানকারী যেকোনো বাংলাদেশি নাগরিক তফসিলে বর্ণিত চাঁদার সমপরিমাণ অর্থ বৈদেশিক মুদ্রায় প্রদান করে এই স্কিমে অংশ নিতে পারবেন। 

আর বিদেশ থেকে দেশে ফিরে এলে তিনি সমপরিমাণ অর্থ টাকায় দিতে পারবেন। শুধু তা-ই নয়; তিনি চাইলে স্কিমের ধরনও পরিবর্তন করতে পারবেন। মেয়াদ শেষে দেশি মুদ্রায় তিনি পেনশন ভোগ করবেন। 

এ-সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রবাস স্কিমে একজন প্রবাসী মাসে ৫ হাজার, ৭ হাজার ৫০০ এবং ১০ হাজার টাকা করে জমা দিতে পারবেন। যিনি ১০ বছর মেয়াদে ৫ হাজার টাকা জমা দেবেন, তিনি পেনশন পাবেন ৭ হাজার ৬৫১ টাকা। তিনি যদি একই মেয়াদে ৭ হাজার ৫০০ টাকা জমা দেন, তবে পেনশন পাবেন ১১ হাজার ৪৭৭ টাকা। আর তিনি যদি একই মেয়াদে ১০ হাজার টাকা জমা দেন, তাহলে পেনশন পাবেন মাসে ১৫ হাজার ৩০২ টাকা। 

আর ওই প্রবাসী যদি টানা ৪২ বছর ধরে চাঁদা জমা দিতে থাকেন, তবে ৫ হাজার টাকার বিপরীতে তিনি পাবেন মাসে ১ লাখ ৭২ হাজার ৩২৭ টাকা, ৭ হাজার ৫০০ টাকার বিপরীতে মাসে পেনশন পাবেন ২ লাখ ৫৮ হাজার ৪৯১ টাকা। আর তিনি ১০ হাজার টাকার বিপরীতে পেনশন পাবেন মাসে ৩ লাখ ৪৪ হাজার ৬৫৫ টাকা। আর অন্য মেয়াদের ক্ষেত্রেও নির্দিষ্ট হারে মাসিক ভিত্তিতে তিনি পেনশন পাবেন। 

যেসব প্রবাসীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই, তাঁরা পাসপোর্টের কপি দিয়ে নিবন্ধন করবেন। পাসপোর্ট নবায়ন হলে পরে এর কপি দিতে হবে। 

প্রবাসীরা নির্ধারিত ফরমে অনলাইনে আবেদন করে নিবন্ধিত হবেন। তখন তাঁকে একটি ইউনিক আইডি নম্বর দেওয়া হবে। এটি ই-মেইলের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে তাঁকে পাঠানো হবে। নিবন্ধন করার পর অনলাইন ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে তফসিলি ব্যাংকের শাখায় নির্ধারিত ব্যাংক হিসাবে চাঁদার টাকা বৈদেশিক মুদ্রায় জমা দেবেন। টাকা জমা দিতে ব্যর্থ হলে পরবর্তী এক মাসের মধ্যে জমা দিতে পারবেন। 

এরপরও না পারলে পরে প্রতিদিনের জন্য ১ টাকা হারে জরিমানা দিয়ে চাঁদা জমা দিতে পারবেন। তবে টানা তিন মাস চাঁদা দিতে ব্যর্থ হলে পেনশন স্কিমটি স্থগিত করা হবে। বকেয়া শোধ না করা পর্যন্ত তা স্থগিত থাকবে।

ঢাকা ট্যাক্সেস বারের নতুন সভাপতি মিজান, সাধারণ সম্পাদক আশরাফ

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার

বাংলাদেশসহ এশিয়ায় পলিয়েস্টার সরবরাহে যুদ্ধের ধাক্কা, পোশাকশিল্পে ব্যয় বৃদ্ধির শঙ্কা

ক্রিপ্টো বাজারে নাম লেখানোর প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে হ্যাকারদের হানা: ২৫ লাখ ডলার চুরি, ৪ জ্যেষ্ঠ কর্মকর্তা বরখাস্ত

এডিবির বার্ষিক প্রতিবেদন ২০২৫: তিন কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় দুর্বল

পিআরআইয়ের সেমিনার: মার্চেই ২০ হাজার কোটি টাকা ছাপিয়েছে সরকার

প্রাইম ব্যাংক ও অ্যাসেন্ট হেলথের মধ্যে চুক্তি

তামাকজাত পণ্যে নতুন করে শুল্ক বাড়ানোর প্রস্তাব

কেন ২২ হাজার কেজি সোনা বিক্রি করলেন পুতিন