হোম > অর্থনীতি

শিগগির বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে: বাণিজ্যমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: আজকের পত্রিকা

বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং খুব শিগগির বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, রমজান উপলক্ষে কিছু মানুষ মূল্যবৃদ্ধির সুযোগ নেওয়ার চেষ্টা করছে; যারা কারসাজিতে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইন নিজের গতিতে চলবে।

আজ সোমবার দুপুরে মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজারে হঠাৎ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

আব্দুল মুক্তাদির বলেন, বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ আছে। খুব শিগগির বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। কিছু মানুষ রমজান মাসের সুযোগ নেওয়ার চেষ্টা করছে। যারা মূল্যবৃদ্ধির কারসাজিতে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইন নিজের গতিতে চলবে।

মন্ত্রী আরও বলেন, বাজার পুরোপুরি স্বাভাবিক ও ক্রেতাদের জন্য স্বস্তিদায়ক করতে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে সেগুলো বাস্তবায়ন করতে কিছুটা সময় লাগবে। এ কাজে তিনি মিডিয়াকর্মীদের সার্বিক সহযোগিতা চান।

পরিদর্শনকালে মন্ত্রী বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং হাতে-কলমে পণ্যের দর যাচাই করেন। পুরো ঢাকা শহরে একযোগে তদারকি করা প্রশাসনিকভাবে চ্যালেঞ্জিং উল্লেখ করে তিনি বলেন, ‘ঢাকার মতো বড় শহরের প্রতিটি বাজারে একসঙ্গে সরকারি টিম পাঠানো বাস্তবিকভাবে সম্ভব নয়। তবে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ১০টি টিম নিয়মিত কাজ করছে। ব্যবসায়ীদের মনে এই সচেতনতা তৈরি করাই আমাদের লক্ষ্য যে, তাঁরা সার্বক্ষণিক নজরদারির মধ্যে আছেন।’

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও রমজানের আগে যে পণ্য ৪০-৫০ টাকা ছিল, তা হুট করে ১২০ টাকায় উঠে যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা কারোরই ভালো লাগার কথা নয়। বাজার যাতে নির্দিষ্ট মানুষের হাতে না যায়, সে ব্যাপারে আমরা সজাগ আছি। কার্যকর পদক্ষেপ নিয়ে গুণগত পরিবর্তন আনতে কিছুটা সময় লাগবে, আশা করি, জনগণ সে সময়টা আমাদের দিবে।’

সম্প্রতি জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের প্রধান আব্দুল জব্বার মণ্ডল ও তাঁর কর্মকর্তাদের ওপর ব্যবসায়ীর চড়াও হওয়া এবং হুমকির বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এ ঘটনায় ইতিমধ্যে মামলা করা হয়েছে এবং আইন তার নিজস্ব গতিতে চলছে।

প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আইআইটি শিবির বিচিত্র বড়ুয়া এ সময় উপস্থিত ছিলেন।

পরে বাণিজ্যমন্ত্রী দেশের বৃহৎ পাইকারি কাঁচাবাজার কারওয়ান বাজার পরিদর্শনে যান। সেখানে ক্রেতা-বিক্রেতাদের কাছে বাজার পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

কোরবানির পশুর চামড়ার দাম বর্গফুটে বাড়ল ২-৩ টাকা, ঢাকা ও ঢাকার বাইরে কত

ঘরের বাজারের উদ্যোক্তাদের নতুন উদ্যোগ ‘তাবায়া’

চূড়ান্ত অনুমোদন পেল ৩৩৪৭৪ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প, কী সুফল মিলবে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৫ বছর পূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

সহজ ও স্মার্ট ট্রাভেল বুকিং এক্সপেরিয়েন্স নিয়ে পুনরায় চালু হলো ফার্স্টট্রিপের বিটুসি

এআই ফিচার যুক্ত নতুন চার মডেলের ওয়াশিং মেশিন বাজারে এনেছে ওয়ালটন

ভারতে এক ধাক্কায় ৯% বাড়ল সোনার আমদানি শুল্ক, অর্ধেক হচ্ছে প্রধানমন্ত্রী মোদির কনভয়

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে বাধ্যতামূলক কিউআর কোড

দেশের আর্থিক খাত এখন ‘পেইনফুল’ অবস্থায় রয়েছে: অর্থমন্ত্রী

হেলথ মার্কেটিংয়ের ভবিষ্যৎ ও এআইয়ের প্রভাব নিয়ে রাজধানীতে হেলথ অ্যান্ড ওয়েল বিয়িং মার্কেটিং ফেস্ট