আমদানি পণ্যের ব্যয় পরিশোধের অংশ হিসেবে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল বাবদ ১৬৪ কোটি ২৪ লাখ ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমেছে।
আজ বৃহস্পতিবার এ বিল পরিশোধ করা হয় বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, ‘নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই সেপ্টেম্বর-অক্টোবর মেয়াদের দুই মাসের বিল পরিশোধ করা হয়েছে। তাই রিজার্ভ কিছুটা কমেছে। তবে আমাদের রেমিট্যান্স ও রপ্তানি আয় ঊর্ধ্বমুখী থাকায় এই বিষয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই।’
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, আজ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে দেশের রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৯৯ বিলিয়ন ডলারে। আর গ্রস রিজার্ভ রয়েছে ৩৪ দশমিক ৮৬ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আকুর বিল পরিশোধে ১৬৪ কোটি ২৪ লাখ ডলার ব্যয় হয়েছে। দুই মাস পরপর আকুর বিল পরিশোধ করা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে বলা হয়েছে, আকুর দেনা পরিশোধের আগে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩১ দশমিক ৫১ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের গ্রস হিসাবে যা ছিল ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।
আকুর সদস্যদেশগুলো নিজেদের মধ্যে যে আমদানি-রপ্তানি করে, সেটির ব্যয় দুই মাস পরপর সমন্বয় করে থাকে। সদস্যদেশগুলো হলো—বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও মালদ্বীপ। রিজার্ভ-সংকটে পড়ে ২০২২ সালের অক্টোবরে আকু থেকে বেরিয়ে যায় শ্রীলঙ্কা। অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে উন্নতি হলেও এখনো আকুতে ফেরেনি দেশটি।