হোম > অর্থনীতি

বিমান চলাচল অধ্যাদেশে বিপদে পড়বে এভিয়েশন খাত

মনজুরুল ইসলাম, ঢাকা

প্রতীকী ছবি

যাত্রীসেবা নিশ্চিত করতে, টিকিটিং ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ও বিমানভাড়া যৌক্তিক পর্যায়ে রাখার লক্ষ্য নিয়ে অন্তর্বর্তী সরকার ‘বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করে। ২০১৭ সালের মূল আইনের ব্যাপক সংস্কারের মাধ্যমে প্রণীত এই অধ্যাদেশ গত ২ জানুয়ারি আইন মন্ত্রণালয় গেজেট আকারে প্রকাশ করে। সংশোধিত আইনে যাত্রীদের নিরাপত্তা, সুবিধা ও উপাত্ত সুরক্ষাকে কর্তৃপক্ষের আইনি দায়িত্ব হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস প্রোভাইডার, ডিস্ট্রিবিউশন চ্যানেল ও সাধারণ বিক্রয় প্রতিনিধির (জিএসএ) সংজ্ঞা এবং কার্যাবলিও প্রথমবারের মতো আইনে নির্ধারণ করা হয়েছে।

তবে অধ্যাদেশে বিমানভাড়ার ওপর সরকারি নিয়ন্ত্রণ আরোপের যে বিধান রাখা হয়েছে, তা মুক্তবাজার অর্থনীতির মৌলিক নীতির পরিপন্থী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞদের মতে, এতে বিপদে পড়বে দেশের এভিয়েশন খাত। সরকার যদি টিকিটের সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করে দেয়—যাকে প্রাইস সিলিং বলা হয়—তাহলে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এতে এয়ারলাইনস খাতে নতুন বিনিয়োগ নিরুৎসাহিত হবে এবং বহর সম্প্রসারণ ও নতুন রুট চালুর প্রবণতা কমে যাবে। পর্যাপ্ত সক্ষমতার অভাবে শেষ পর্যন্ত টিকিটের সর্বনিম্ন মূল্য উল্টো বেড়ে যেতে পারে বলেও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

অধ্যাদেশ অনুযায়ী, বিমানভাড়া ও বিভিন্ন চার্জ নির্ধারণে স্বচ্ছতা আনতে একটি উচ্চপর্যায়ের ‘উপদেষ্টা পর্ষদ’ গঠনের কথা বলা হয়েছে। এই পর্ষদ দেশি ও বিদেশি এয়ার অপারেটর এবং গ্রাউন্ড হ্যান্ডলিং অপারেটরদের জন্য ফি, চার্জ, রয়্যালটি ও ভাড়ার হার নির্ধারণে সরকারের কাছে সুপারিশ করবে। এয়ার অপারেটরদের সব রুটের সর্বনিম্ন ও সর্বোচ্চ ভাড়ার তালিকা কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। কোনো রুটে কৃত্রিম সংকট বা অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হলে কর্তৃপক্ষের চেয়ারম্যান সরাসরি হস্তক্ষেপ করতে পারবেন।

সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের প্রশাসনিক হস্তক্ষেপ দীর্ঘ মেয়াদে কম গুরুত্বপূর্ণ বা মার্জিনাল রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি করবে। এতে আকাশপথে সংযোগ কমে যাবে এবং যাত্রীসেবার মানও কমে যেতে পারে। বিশ্বের অধিকাংশ দেশ বর্তমানে বিমানভাড়ার ক্ষেত্রে এয়ারলাইনগুলোর পূর্ণ বাণিজ্যিক স্বাধীনতা নিশ্চিত করে। এমনকি ২০১৩ সালের ‘বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ওপেন স্কাই’ চুক্তিতেও ভাড়া নির্ধারণে বাণিজ্যিক স্বাধীনতার নীতি স্বীকৃত রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক পরিচালনা পর্ষদের সদস্য কাজী ওয়াহিদুল আলম আজকের পত্রিকাকে বলেন, বিমান চলাচল অধ্যাদেশে ভাড়া নিয়ন্ত্রণে যে বিধান রাখা হয়েছে, তা মুক্তবাজার অর্থনীতির নীতির পরিপন্থী এবং এভিয়েশনশিল্পের স্বাভাবিক প্রবৃদ্ধির বিরোধী। তাঁর মতে, বৈশ্বিকভাবে এয়ারলাইনসের ভাড়া নির্ধারিত হয় চাহিদা ও জোগানের ভিত্তিতে। চাহিদা বাড়লে ভাড়া বাড়ে, আবার চাহিদা কমলে ভাড়া কমে যায়। অনেক সময় চাহিদা কম থাকলেও লোকসান দিয়ে ফ্লাইট চালু রাখতে হয় এয়ারলাইনগুলোকে, যাতে বাজারে উপস্থিতি বজায় থাকে এবং ভবিষ্যৎ ব্যবসা ক্ষতিগ্রস্ত না হয়।

কাজী ওয়াহিদুল আলম বলেন, ইল্ড ম্যানেজমেন্ট পদ্ধতির মাধ্যমে এয়ারলাইনগুলো প্রতিটি রুটের ভাড়া নির্ধারণ করে, যেখানে আয়, ব্যয় ও বিনিয়োগ ফেরতের (রিটার্ন) বিষয়গুলো বিবেচনায় রাখা হয়। এই প্রক্রিয়ায় প্রতিটি আসনের মূল্য নির্ধারিত হয় ভিন্ন ভিন্ন সময় ও পরিস্থিতি অনুযায়ী। সরকার যদি ভাড়া নির্দিষ্ট করে বেঁধে দেয়, তবে তা বাণিজ্যিক সিদ্ধান্তের ওপর সরাসরি হস্তক্ষেপ হবে।

নতুন অধ্যাদেশে বিদেশি এয়ারলাইনগুলোর কার্যক্রম নিয়েও বাড়তি বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কোনো বিদেশি এয়ারলাইন বাংলাদেশে কার্যক্রম চালাতে চাইলে তাকে নিজস্ব কার্যালয় স্থাপন করতে হবে অথবা শতভাগ বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানকে সাধারণ বিক্রয় প্রতিনিধি (জিএসএ) হিসেবে নিয়োগ দিতে হবে। একই সঙ্গে কোনো এয়ার অপারেটর সরাসরি ট্রাভেল এজেন্সি ব্যবসা বা জিএসএ হিসেবে কাজ করতে পারবে না। সরকার বলছে, এতে বাজারে অসম প্রতিযোগিতা কমবে। তবে এয়ারলাইনগুলোর মতে, এতে পরিচালন ব্যয় বাড়বে এবং ব্যবসায়িক নমনীয়তা কমে যাবে।

নতুন অধ্যাদেশে টিকিট বিক্রির ডিজিটাল মাধ্যম বা ডিস্ট্রিবিউশন চ্যানেল—যেমন অ্যাপ, ওয়েব পোর্টাল ও গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম—কর্তৃপক্ষের নিবন্ধনের আওতায় আনা হয়েছে। এসব চ্যানেলে আসন ব্লকিং বা কৃত্রিম সংকট রোধে চেয়ারম্যানকে রিয়েল-টাইম অ্যাকসেস দেওয়ার বিধান রাখা হয়েছে। জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের প্রমাণ মিললে সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউশন চ্যানেলের নিবন্ধন বাতিল বা স্থগিত করা যাবে।

খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, অধ্যাদেশ কার্যকর হলে বিনিয়োগ পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। ভাড়া নিয়ন্ত্রণের কারণে নতুন রুট চালু ও বহর সম্প্রসারণ বাধাগ্রস্ত হবে, যা সরাসরি যাত্রীসেবার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। যাত্রীসেবা ও স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ ইতিবাচক হলেও সরাসরি ভাড়া নিয়ন্ত্রণ আরোপ করলে তা উল্টো ফল বয়ে আনতে পারে এবং দেশের বেসরকারি এভিয়েশন খাতকে সংকটের মুখে ঠেলে দিতে পারে।

এ প্রসঙ্গে কাজী ওয়াহিদুল আলম বলেন, এ ধরনের নিয়ন্ত্রণে বাংলাদেশে ফ্লাইট পরিচালনায় বিদেশি এয়ারলাইনগুলোর আগ্রহ কমে যেতে পারে। ইতিমধ্যে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে সরকারকে চিঠি দিয়েছে, যা প্রমাণ করে যে—এই সিদ্ধান্ত বৈশ্বিক অ্যাভিয়েশননীতির সঙ্গে সাংঘর্ষিক। কাজী ওয়াহিদুল আলম আশঙ্কা প্রকাশ করেন, ভাড়া নির্ধারণে নিয়ন্ত্রণ আরোপ করলে বিনিয়োগ পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে এবং দীর্ঘ মেয়াদে দেশের বেসরকারি এভিয়েশন খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

উল্লেখ্য, বিমানভাড়া নিয়ন্ত্রণব্যবস্থার বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়েছে বৈশ্বিক বিমান সংস্থাগুলোর সংগঠন ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ)। সংস্থাটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবের কাছে গত জানুয়ারিতে পাঠানো এক চিঠিতে জানায়, ধারা ৪৩এ-এর ভাড়া নিয়ন্ত্রণব্যবস্থা মুক্তবাজার অর্থনীতির পরিপন্থী। চিঠিতে উল্লেখ করা হয়, সত্তরের দশকের শেষ দিকে এভিয়েশন খাতে নিয়ন্ত্রণমুক্ত ব্যবস্থা চালুর পর বিশ্বব্যাপী বিমানভাড়া প্রকৃত অর্থে অর্ধেকের বেশি কমেছে।

আইএটিএ সতর্ক করে বলেছে, এই অধ্যাদেশ কার্যকর হলে যাত্রীদের পছন্দ সীমিত হবে, বিমান সংযোগ কমে যেতে পারে এবং দেশের সামগ্রিক অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়বে। সংস্থাটি সরকারকে প্রস্তাবিত বিধানগুলো পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বলেছে, শক্তিশালী ও প্রতিযোগিতামূলক বিমান পরিবহনব্যবস্থা গড়ে তুলতে এয়ারলাইনগুলোর ভাড়া নির্ধারণের স্বাধীনতা বজায় রাখা জরুরি।

আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল

ব্যবসা সহজীকরণে সুপারিশমালা দিতে বিজিএমইএকে নির্দেশ অর্থমন্ত্রীর

ঢাকায় এমিরেটসের কার্গো ফ্লাইট চালু এপ্রিলে

কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান

নতুন গভর্নর নিয়োগ: ব্যবসায়ীরা আশাবাদী হলেও সংশয় অর্থনীতিবিদদের

বিক্ষোভে মনসুরের বিদায়, ব্যবসায়ী হলেন গভর্নর

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বৈঠক

দেশের রিটেইল চেইন ‘স্বপ্ন’র অংশীদার হচ্ছে জাপানের শীর্ষ প্রতিষ্ঠান মিতসুই

মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত