বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সোহাগ এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মীর শাকরুল আলম সীমান্ত।
আজ বুধবার (২২ এপ্রিল) সকালে রাজধানীর বিজয়নগরের অ্যালিস সেন্টারে অনুষ্ঠিত সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নবনির্বাচিত নেতাদের সংগঠনের সব সদস্য, সংশ্লিষ্ট ব্যবসায়ী মহল এবং দেশবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
সভায় নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ সোহাগ বলেন, ‘আমরা সকল সদস্যকে নিয়ে একটি শক্তিশালী, সুশৃঙ্খল ও আধুনিক সংগঠন গড়ে তুলতে চাই। সরকারের সঙ্গে সমন্বয় রেখে এই শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং ভোক্তাদের জন্য মানসম্মত পণ্য সরবরাহ করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।’
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মীর শাকরুল আলম সীমান্ত বলেন, ‘ব্যবসায়ীদের বিদ্যমান সমস্যা সমাধান, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং সরকারের সঙ্গে সমন্বয় করে ফ্লাওয়ার মিল খাতের দীর্ঘমেয়াদি উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাব।’
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব এ খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। অন্যদিকে নেতারা সংগঠনে ঐক্য, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন। মোহাম্মদ সোহাগ নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অন্যতম পরিচালক এবং মীর শাকরুল আলম সীমান্ত রূপসী ফ্লাওয়ার মিলের ব্যবস্থাপনায় সক্রিয়ভাবে যুক্ত আছেন।