হোম > অর্থনীতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি পরিবর্তনের সুযোগ আছে: বাণিজ্যমন্ত্রী

সিলেট সংবাদদাতা 

সিলেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: আজকের পত্রিকা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি পরিবর্তনের সুযোগ আছে। তবে বিষয়টি ইচ্ছেমতো পরিবর্তনের সুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি। আজ শুক্রবার সকালের দিকে সিলেটের বাইশটিলা এলাকায় জেলা পরিষদ ন্যাচারাল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘দুই রাষ্ট্রের মধ্যে সম্পাদিত কোনো চুক্তি হঠাৎ করে একতরফাভাবে পরিবর্তন বা বাতিল করা যায় না। তবে কোনো চুক্তি বাস্তবায়নের সময় যদি বাংলাদেশের স্বার্থবিরোধী কিছু প্রতিভাত হয়, তাহলে সেই চুক্তির ধারার মধ্যেই সংশোধনের সুযোগ রয়েছে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘চুক্তি হয় দুটি দেশের মধ্যে। যদি দুজন ব্যক্তির মধ্যে চুক্তি হতো, তাহলে হয়তো চট করে সেটি রদবদল করা যেত। কিন্তু দুটি রাষ্ট্র দুটি সার্বভৌম সত্তা। তারা যখন চুক্তি করে, তখন সেটা ইচ্ছেমতো পরিবর্তন করা যায় না।’

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘একটি আন্তর্জাতিক চুক্তিতে দুই পক্ষের স্বার্থই বিবেচনায় রাখা হয়। কিছু ধারা এক পক্ষের জন্য অনুকূল হয়, আবার কিছু ধারা অন্য পক্ষের জন্য সুবিধাজনক হয়। এভাবেই দুই দেশের মধ্যে একটি উইন-উইন সিচুয়েশন তৈরির চেষ্টা থাকে। চুক্তি যেটি হয়েছে, সেটির বাস্তবায়নের সময় যদি এমন কিছু সামনে আসে বা প্রতিভাত হয় যে এটি বাংলাদেশের স্বার্থের অনুকূলে নয়, তাহলে সেই ধারা সংশোধনের সুযোগ চুক্তির ভেতরে রয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক ও রাষ্ট্রীয় চুক্তির ক্ষেত্রে আবেগ নয়, বাস্তবতা ও কূটনৈতিক প্রক্রিয়াকে গুরুত্ব দিতে হয়। কারণ, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক দীর্ঘমেয়াদি বিষয়।’

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে সাময়িকভাবে কিছু পণ্যের দাম বাড়তে পারে জানিয়ে তিনি বলেন, ‘তবে এটি দীর্ঘমেয়াদি বা স্থায়ী মূল্যস্ফীতিতে রূপ নেবে না।’ ডিজেলের দাম ১৫ শতাংশ বাড়লেও বাজারে যেভাবে বিভিন্ন পণ্যের দাম বাড়ছে, সেটিকে বাস্তবসম্মত মনে করেন না তিনি। মন্ত্রী বলেন, ‘দেশের তুলনায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি খুবই মডেস্ট। ডিজেলের দাম ১০০ টাকা থেকে ১১৫ টাকা হয়েছে, অর্থাৎ ১৫ শতাংশ বেড়েছে। কিন্তু এর অভিঘাত একটা ওয়ান টাইম স্পাইক (এককালীন বৃদ্ধি)। এটা স্পাইরাল করবে (চক্রবৃদ্ধি হারে) না, স্টিকিও হবে না। অনেকেই ধারণা করছেন জ্বালানি তেলের দাম বাড়ার কারণে সব পণ্যের দাম ব্যাপকভাবে বেড়ে যাবে। কিন্তু বাস্তবে হিসাব করলে দেখা যাবে পরিবহন ব্যয়ে যে বাড়তি চাপ পড়েছে, তা অনেক ক্ষেত্রে খুবই সীমিত।’

এ সময় ডিমের বাজারের উদাহরণ দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘একটা ট্রাকে হাজার হাজার ডিম আসে। এখন খাদিমগড় থেকে সিলেট শহরে একটা পিকআপে যে পরিমাণ ডিম যায়, সেখানে ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব প্রতিটি ডিমের ওপর কতটুকু পড়ে, সেটা হিসাব করলে বোঝা যাবে।’

বাণিজ্যমন্ত্রী বাজারে ‘স্পেকুলেটিভ ইনফ্লেশন’ বা অনুমাননির্ভর মূল্যবৃদ্ধিকে বড় সমস্যা হিসেবে উল্লেখ করেন বলেন, ‘আমি অনুমান করে করে বললাম দাম বাড়বে, আর সেই সুযোগে বাজারে দাম বাড়িয়ে দিলাম, এটা ঠিক নয়।’ গণমাধ্যমকে এ ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘এই স্পেকুলেটিভ ইনফ্লেশন যেন না হয়, সেটার দায়দায়িত্ব আমাদের সবার। বিশেষ করে গণমাধ্যমের ভাইবোনদেরও দায়িত্বশীল থাকতে হবে।’

কেউ বাজার নিয়ন্ত্রণ বা অযৌক্তিকভাবে মূল্যবৃদ্ধির চেষ্টা করলে তা সফল হবে না বলেও মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাজার তো বাজারের মতোই চলে। কেউ যদি মার্কেট ম্যানিপুলেট করার চেষ্টা করে, সেটা সুখকর হবে না।’ এ সময় তদারকি সংস্থাগুলোর কথা উল্লেখ করেন তিনি বলেন, ‘সরকার চায় না কাউকে শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি করতে। তবে পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ অসাধু তৎপরতা চালালে ব্যবস্থা নেওয়া হবে।’

সরকারি কলকারখানা বেসরকারি খাতে ছেড়ে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকারের কাজ ব্যবসা করা না। সরকার যেখানেই ব্যবসা করতে যায় সেখানে ইন-ইফিসিয়েন্সির (অদক্ষতা) কারণে লোকসান হয়। এতে জনগণের টাকা অপচয় হয়। সব কটি লোকসানি প্রতিষ্ঠান সরকার ব্যক্তি খাতে বিনিয়োগকারীদের কাছে ছেড়ে দিতে চাচ্ছে। এসব মিল-ফ্যাক্টরি চালু করে যাতে কর্মসংস্থান সৃষ্টি ও রাজস্ব আহরণের ব্যবস্থা করা হয়, সরকার সেই চেষ্টা করছে।’

ইরান যুদ্ধ থেকে বিপুল মুনাফা করছে যেসব ব্যাংক ও কোম্পানি

বিমা খাতে অস্থিরতা: নবায়ন ফি জমা দিয়েও মিলছে না লাইসেন্স

বাজার পরিস্থিতি: হিসাব মেলাতে হিমশিম নিম্ন ও মধ্যবিত্তের

সেরা সাপ্লাই চেইন পার্টনারদের সম্মাননা জানাল বিকাশ

১২ মে থেকে শপিং মল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

জেট ফুয়েলের দাম কমল

দেশের বাজারে ফের বাড়ল সোনা-রুপার দাম

শ্রমবাজারে দক্ষতার ঘাটতি প্রকট

বিদেশি বিনিয়োগকারীরা হতাশ প্রশাসনের ধীরগতির কাজে

বিএবির নতুন ভাইস চেয়ারম্যান রাশেদ আহমেদ চৌধুরী ও শরীফ জহির