টাঙ্গাইলে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী বৃদ্ধ মোহাম্মদ আলীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার মামলায় বাবা-ছেলেসহ ৮ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. ফয়সাল আল মামুন এ রায় দেন। একই সঙ্গে প্রত্যেক আসামিকে বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড এবং অনাদায়ে বিভিন্ন মেয়াদে অতিরিক্ত কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডিতরা হলেন টাঙ্গাইল সদর উপজেলার ছোট বিন্যাফৈর (চরপাড়া) গ্রামের দবির উদ্দিন (৬৫), তার পাঁচ ছেলে রফিক মিয়া (৪৫), তোফাজ্জল হোসেন (৩৫), ময়দান আলী (৩৩), হাসেম আলী (৪২) ও আব্দুর রহমান (৩৮), হাসেম আলীর স্ত্রী শিল্পী বেগম (৩২) এবং একই গ্রামের মৃত ইনছাদ আলীর ছেলে হযরত আলী (৫০)।
আদালত সূত্র জানায়, টাঙ্গাইল সদর উপজেলার ছোট বিন্যাফৈর (চরপাড়া) গ্রামের মোহাম্মদ আলীর (৭০) বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী আসামিদের সঙ্গে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে ২০২২ সালের ২৪ জুলাই সকালে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে মোহাম্মদ আলীকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে এবং লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে।
ঘটনার দিনই নিহতের কন্যা মর্জিনা আক্তার বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা টাঙ্গাইল সদর থানার এসআই মো. রেহানুল ইসলাম একই বছরের ৩০ নভেম্বর অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
বিচার শেষে এজাহারনামীয় আটজন আসামিকেই যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার সময় আসামি হাসেম আলী ছাড়া অন্য সব আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে আসামিদের টাঙ্গাইল কারাগারে নেওয়া হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সাইদুর রহমান স্বপন। আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শামীমুল আক্তার শামীম।