হোম > সারা দেশ > সিলেট

রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুই কনস্টেবলের যাবজ্জীবন

সিলেট প্রতিনিধি

দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশের এএসআই আশেক এলাহীকে আদালতে আনা হয়। ছবি: আজকের পত্রিকা

সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে নিহত রায়হান আহমদ (৩৪) হত্যা মামলায় প্রধান আসামি আকবর হোসেন ভূঁইয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

তিনি তৎকালীন ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই)। এ ছাড়া কনস্টেবল হারুন অর রশিদ ও টিপু চন্দ্র দাসকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রমাণ লোপাটের দায়ে এসআই হাসান উদ্দিন, এএসআই আশেক এলাহী ও সাংবাদিক আবদুল্লাহ আল নোমানকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে সিলেট মহানগর দায়রা জজ আদালতে বিচারক আব্দুল মজিদ মুন্সী এ আদেশ দেন। আলোচিত এ ঘটনায় দায়েরকৃত মামলায় ছয় আসামির মধ্যে এএসআই আশেকে এলাহী ছাড়া বাকি পাঁচজনই পলাতক রয়েছেন। রায় ঘোষণার জন্য এদিন দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশের বহিস্কৃত এএসআই আশেক এলাহীকে আদালতে আনা হয়।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলী (পিপি) অ্যাডভোকেট মোহাম্মদ মোমিনুল ইসলাম মোমিন।

মোমিনুল ইসলাম জানান, দীর্ঘ ছয় বছর পর যুক্তিতর্ক ও শুনানি শেষে বিজ্ঞ আদালত এ রায় ঘোষণা করেছেন। এ মামলায় ৬৯ জন স্বাক্ষীর মধ্যে ৬১ জনের স্বাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আকবরকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আর অপর একটি ধারায় তাঁকে ৭ বছরের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের জেল দেওয়া হয়েছে। আর কনস্টেবল হারুন ও টিপুকে ১ লাখ করে জরিমানা এবং অনাদায়ে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এদিকে বাকি তিনজনকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, রায়ে আমরা সন্তুষ্ট। তবে রায়ের মূল কপি পাওয়ার পরই পর্যালোচনার পর তাঁরা উচ্চ আদালতে যাবেন কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

আসামী আশেক এলাহী ও হাসানের আইনজীবী অ্যাডভোকেট দেলোয়ার হোসেন শামীম বলেন, আশেক এলাহী ছয় বছর ধরে কারান্তরীণ আছেন। আর হাসান দেড় বছরের মতো কারাভোগ করেছিলেন। তাঁদেরকে বিচারক তথ্য লোপাটের অভিযোগে সাত বছরের দণ্ড দিয়েছেন। হাসান আদালতের প্রতি সম্মান দেখিয়ে নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ করবেন বলে তিনি আশাবাদী। পাশাপাশি তাঁরা উচ্চ আদালতে রায়ের বিষয়ে আপিল করবেন বলে জানান তিনি।

এদিকে রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত রায়হানের মা সালমা বেগম। তিনি পলাতক আসামীদের গ্রেপ্তার করে দ্রুত শাস্তি কার্যকরের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, ২০২০ সালের ১১ অক্টোবর ভোরে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হানের মৃত্যু হয়। এ ঘটনার পরদিন রাতেই কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন নিহতের স্ত্রী তাহমিনা আক্তার। এ ঘটনার পর ওই ফাঁড়ি ইনচার্জ এসআই আকবরসহ ৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত এবং তিনজনকে প্রত্যাহার করা হয়। এরপর ১৪ অক্টোবর মামলার তদন্ত ভার পিবিআইর কাছে হস্তান্তর করা হয়।

১৫ অক্টোবর কবর থেকে রায়হানের লাশ উত্তোলন করে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুনরায় ময়নাতদন্ত করা হয়। দুই দফা ময়নাতদন্তেই রায়হানের দেহে ১১১টি আঘাতের চিহ্ন পাওয়া যায়। এর মধ্যে ১৪টি আঘাত ছিল গুরুতর। ২০ অক্টোবর তথ্য গোপন ও আকবরকে পালাতে সহায়তার অভিযোগে ফাঁড়ির টু-আইসি এসআই হাসান উদ্দিনকেও সাময়িক বরখাস্ত করা হয়।

প্রধান অভিযুক্ত আকবর ঘটনার পর থেকে পলাতক ছিল। পরে তাঁকে একই বছরের ৯ নভেম্বর সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন। ২০২৫ সালের ৪ আগস্ট আকবর হাইকোর্ট থেকে জামিন পান এবং ১০ আগস্ট কারাগার থেকে মুক্তি পান। পরে তাঁর জামিন স্থগিত হলেও তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ না করে পলাতক রয়েছেন।

২০২১ সালের ৫ মে আদালতে ছয়জনকে অভিযুক্ত করে আলোচিত এ মামলার অভিযোগপত্র জমা দেয় পিবিআই। আসামীরা হলেন—প্রধান অভিযুক্ত বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা এসআই আকবর হোসেন ভূঁইয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) আশেক এলাহী (৪৩), কনস্টেবল মো. হারুন অর রশিদ (৩২), টিটু চন্দ্র দাস (৩৮), ফাঁড়ির ‘টু-আইসি’ পদে থাকা এসআই মো. হাসান উদ্দিন (৩২) ও এসআই আকবরের আত্মীয় কোম্পানীগঞ্জ উপজেলার সংবাদকর্মী আবদুল্লাহ আল নোমান (৩২)।

সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২

সিলেটে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে আটক ৫

সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশকনিধন অভিযান

সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের দুই কর্মী আটক

তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী

নানা অনিয়মে সিলেটের একটি মসলার কারখানাকে জরিমানা

পুকুর নিয়ে বিরোধে হামলায় প্রাণ গেল যুবকের

জৈন্তাপুরে কলেজের পাশ থেকে ফেরিওয়ালার মরদেহ উদ্ধার

সিলেটে শাহজালাল (রহ.) মাজারে দানবাক্সে মিলল ৮৮ লাখ ৬৫ হাজার টাকা

পূজায় সিলেটে রেকর্ড গড়লেন পর্যটকেরা