হোম > সারা দেশ > সিলেট

আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: বাণিজ্যমন্ত্রী

সিলেট প্রতিনিধি

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: আজকের পত্রিকা

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আইনের শাসন, ন্যায়বিচার ও সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি রাষ্ট্রে বিচারহীনতার পরিবেশ সৃষ্টি হলে সামাজিক চুক্তি ও আইনের শাসন দুর্বল হয়ে পড়ে।

আজ শনিবার (২৭ জুন) সিলেট জেলা আইনজীবী সমিতিতে যোগদানকারী নবীন আইনজীবীদের কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

আব্দুল মুক্তাদির বলেন, সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার, সমতা, বৈষম্যহীনতা, জীবন ও ব্যক্তিস্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতাসহ নাগরিক অধিকার বাস্তবায়নে আইনজীবীরা অগ্রণী ভূমিকা পালন করেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের বিচার বিভাগ ও আইনজীবী সমাজের রয়েছে গৌরবোজ্জ্বল ঐতিহ্য। স্বাধীনতার পর থেকে বিভিন্ন প্রতিকূল সময়ে বহু বিচারপতি ও আইনজীবী ব্যক্তিগত ও পেশাগত ঝুঁকি নিয়েও আইনের শাসন ও ন্যায়বিচার সমুন্নত রাখতে দৃঢ় ভূমিকা পালন করেছেন। সিলেটের আইনজীবী ও বিচারকেরাও এই ঐতিহ্যে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তিনি অতীতের বিভাজন ভুলে দেশের উন্নয়ন ও বিচারব্যবস্থার অগ্রযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেট জেলা আইনজীবী সমিতির জন্য নতুন ভবন নির্মাণের পাশাপাশি আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একটি আধুনিক ও নিয়মিত প্রশিক্ষণব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), আইনবিষয়ক গবেষণা, কেস স্টাডি বিশ্লেষণ এবং আদালতে কার্যকর উপস্থাপনার ওপর ধারাবাহিক প্রশিক্ষণের মাধ্যমে আইনজীবীদের সক্ষমতা আরও বৃদ্ধি করা সম্ভব। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে দক্ষ আইনজীবী ও বিচারক তৈরিতে সহায়ক হবে বলেও তিনি উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, নির্বাচনী প্রচারণার সময় অনলাইন জুয়া প্রতিরোধকে অন্যতম অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছিলাম। এ লক্ষ্যে অনলাইন জুয়া নিয়ন্ত্রণে কঠোর শাস্তির বিধান রেখে নতুন আইন জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে, যা সংসদীয় প্রক্রিয়া শেষে শিগগিরই পাস হবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে মাদক-সংক্রান্ত অপরাধের দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগের কথাও তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, একটি সমৃদ্ধ, নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তুলতে সরকার, বিচার বিভাগ, আইনজীবী এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এ সময় তিনি আইনজীবীদের ঐক্য, পেশাগত উৎকর্ষ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম ইয়াহ-ইয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক মো. জুবায়ের বখত জুবের, ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ এরফান উল্লাহ, বিভাগীয় স্পেশাল জজ এম আলী আহমদ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসাম ইমাম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত তালুকদার, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির নেতা, রাজনৈতিক ব্যক্তিগণ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শাহজালাল (রহ.)-এর মাজারে আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে কমিটি

সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টা মামলা: মন্ত্রী আরিফ, বাবর ও গউছ বেকসুর খালাস, একজনকে মৃত্যুদণ্ড

সিলেট সীমান্তে বাংলাদেশির মরদেহ উদ্ধার

মাজারের স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিতে কোনো ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী

সিলেট ছাড়লেন ডিসি সারওয়ার আলম, ফেসবুকে লিখলেন— ‘ভালো থাকুন সিলেটবাসী’

শাহজালালের মাজারের দানবাক্সে মিলল যে পরিমাণ টাকা

প্রকাশ্যে খোলা হলো শাহজালালের মাজারের দানবাক্স, চলছে গণনা

কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সাময়িকভাবে বন্ধ সাদাপাথর পর্যটনকেন্দ্র

শ্রীমঙ্গলে ২৬ সম্প্রদায়কে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘হারমনি ফেস্টিভ্যাল’