হোম > সারা দেশ > সিলেট

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের যাত্রা শুরু

সিলেট প্রতিনিধি

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) দাপ্তরিক কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।ছবি: আজকে পত্রিকা

পরিকল্পিত নগর উন্নয়ন, সুষম অবকাঠামো তৈরি ও জনদুর্ভোগ নিরসনে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর নাইওয়ারপুলে সিউকের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়। পরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সুধী সমাবেশ হয়।

সমাবেশে বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পরিকল্পিত নকশা ও সঠিক পরিকল্পনা অনুযায়ী সিলেটের উন্নয়ন ত্বরান্বিত করাই হবে সিউকের মূল লক্ষ্য।

সিউকের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে ও গোলজার আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, সংসদ সদস্য তাহসিনা রূশদী লুনা (সিলেট-২), এম এ মালিক (সিলেট-৩) ও অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী (সিলেট-৬)।

এ ছাড়া সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের শামীম, এসএমপি পুলিশ কমিশনার সরোয়ার মুর্শেদ শামীম, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন ও জালালাবাদ গ্যাস লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিমসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।