হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

৬০০ বস্তা ত্রাণের চালের ৮০ বস্তা লাপাত্তা

সিরাজগঞ্জ প্রতিনিধি  

ফাইল ছবি

সিরাজগঞ্জের চৌহালীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের জন্য বরাদ্দ দেওয়া ৬০০ বস্তা চালের মধ্যে ৫২০ বস্তা পাওয়া গেছে। বাকি ৮০ বস্তা চাল কালোবাজারে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে একটি গুদামে অভিযান চালিয়ে পাওয়া চালগুলো সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন। পরে অভিযুক্ত বাঘুটিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. সাইদুর রহমানকে আজ বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ডাকলেও তিনি যাননি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে চৌহালী উপজেলার সাত ইউনিয়নের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের জন্য মোট ৫৮ টন চাল বরাদ্দ দেওয়া হয়। এসব চাল উপকারভোগীদের মধ্যে ৩০ কেজি করে বিতরণের কথা। এর মধ্যে বাঘুটিয়া ইউনিয়নের জন্য বরাদ্দ দেওয়া হয় ১৮ টন বা ৬০০ বস্তা চাল। বরাদ্দের চাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. সাইদুর রহমানের কাছে হস্তান্তর করা হয়।

আরও জানা যায়, বরাদ্দের চালের মধ্যে ৮০ বস্তা কালোবাজারে বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি প্রশাসনের নজরে এলে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঘুটিয়া ইউনিয়নের সংশ্লিষ্ট গুদামে অভিযান চালানো হয়। অভিযানে সেখানে ৬০০ বস্তার পরিবর্তে ৫২০ বস্তা চাল পাওয়া যায়। পরে চালগুলো সিলগালা করে দেয় উপজেলা প্রশাসন।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান শাকিল বলেন, ‘আমরা ৬০০ বস্তা চাল না পেয়ে ৫২০ বস্তা পেয়েছি। প্যানেল চেয়ারম্যান মো. সাইদুর রহমানকে আজ ডাকা হয়েছিল। তবে তিনি আসেননি। তিনি পলাতক রয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

অভিযোগের বিষয়ে জানতে বাঘুটিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. সাইদুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।