হোম > সারা দেশ > শেরপুর

ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হলেন কনটেন্ট ক্রিয়েটর

শেরপুর প্রতিনিধি

ফারুক হোসেন। ছবি: আজকের পত্রিকা

শেরপুরের শ্রীবরদীতে বনের ভেতরে ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে ফারুক হোসেন (৩৬) নামের এক কনটেন্ট ক্রিয়েটর নিহত হয়েছেন।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার বালিজুড়ী রেঞ্জের সোনাঝুড়ি এলাকায় বনের ভেতরে এ ঘটনা ঘটে। নিহত ফারুক পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ এলাকার মো. সুরুজ আলীর ছেলে। তিনি জেলার সীমান্তবর্তী বনাঞ্চলে গিয়ে নিয়মিত হাতির ভিডিও করে তাঁর ফেসবুক আইডিতে আপলোড করতেন।

তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগের বালিজুড়ী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীবরদী উপজেলার বালিজুড়ী রেঞ্জের মালাকুচা বিটের বনে ৪০-৪২টি বন্য হাতি ৬-৭টি শাবকসহ অবস্থান করছে। খবর পেয়ে আজ বেলা সাড়ে ৩টার দিকে ফারুক হোসেন উৎসুক মানুষদের সঙ্গে বন্য হাতির ভিডিও করতে শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী সোনাঝুড়ি এলাকায় বনের ভেতরে যান।

এ সময় তিনি সামনে গিয়ে ভিডিও করতে গেলে হঠাৎ হাতির সামনে পড়েন। তখন একটি বন্য হাতি পা দিয়ে তাঁর মাথা পিষ্ট করে গুরুতর আহত করে। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বন বিভাগের লোকজন তাঁকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফারুক হোসেনের ফেসবুক আইডিতে গিয়ে দেখা যায়, সেখানে আজ সকালেও হাতির একটি ভিডিও আপলোড করা হয়েছে। তিনি প্রতিনিয়তই জেলার বিভিন্ন জায়গার বন্য হাতির ভিডিও ধারণ করে সেগুলো তাঁর ফেসবুকে আপলোড করতেন। এটি করতে গিয়ে তিনি অনেক সময়ই ঝুঁকিপূর্ণভাবে হাতির কাছাকাছি চলে যেতেন। ভিডিওগুলোতে বেশ কয়েকবারই হাতির ধাওয়া খেয়ে তাঁকে দৌড়ে পালাতে দেখা গেছে।

বন বিভাগের বালিজুড়ী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া জানান, উপজেলার সীমান্ত এলাকায় বনের ভেতরে ৪০-৪২টি বন্য হাতি অবস্থান করছে। আজ বিকেলে হাতির পায়ে পিষ্ট হয়ে ফারুক নামের এক যুবক গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সম্ভবত তিনি ভিডিও করতে গিয়েছিলেন।

সুমন মিয়া আরও বলেন, নিহত যুবকের পরিবারকে ক্ষতিপূরণের জন্য বন বিভাগের কাছে আবেদন করতে পরামর্শ দেওয়া হবে।

শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ বলেন, এ ঘটনার পর ওই এলাকায় জনসাধারণের চলাচল সীমিত করতে বলা হয়েছে। একই সঙ্গে মৃত ব্যক্তি যাতে দ্রুত সময়ে ক্ষতিপূরণ পান, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেরপুর-২: ‘অঞ্চলপ্রীতির’ চ্যালেঞ্জে ধানের শীষের প্রার্থী

শেরপুরে থানা থেকে খোয়া যাওয়া পুলিশের শটগানসহ যুবক আটক

শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল

শেরপুরে জামায়াত প্রার্থী নুরুজ্জামান মারা গেছেন

জামায়াত নেতাকে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

‘সব খারিজ হবে, তুই খালি টাকা পাঠাবি’, ভূমি কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

আগামীকাল শেরপুরে জামায়াত আমিরের জনসভা, রেজাউল করিমের কবর জিয়ারত করবেন সকালে

শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় ২৩৪ জনকে আসামি করে মামলা

জামায়াত নেতা হত্যা: দোষীদের আইনের আওতায় না আনলে ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

শেরপুরে এএসআইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার