শেরপুরে পলিটেকনিক শিক্ষার্থী আল-মুহতাশিম ছাইবের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে জেলা জজ আদালতের সামনে সচেতন নাগরিক সমাজ ও শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দুই শতাধিক শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন নিহত ছাইবের বাবা আব্দুল মালেক, মা রেবেকা সুলতানা এবং শিক্ষার্থী জুয়েল রানা প্রমুখ। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা আদালত চত্বর ও পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে ছাইব হত্যার বিচার দাবি করেন।
পরে পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম তাদের সান্ত্বনা দেন এবং দ্রুত সময়ের মধ্যে মূল আসামি গ্রেপ্তার ও তদন্ত শেষ করে বিচারের মুখোমুখি করার আশ্বাস দেন।
উল্লেখ্য, গত ২৯ মে ঈদুল আজহার পরদিন বিকেলে শহরের তাতালপুর বিএম রোড এলাকায় ঘুরতে যান শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার টেকনোলজি বিভাগের শিক্ষার্থী ছাইব। এ সময় ছবি তোলাকে কেন্দ্র করে কয়েকজন কিশোরের সঙ্গে কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ১০ থেকে ১৫ জন কিশোর মিলে দেশীয় অস্ত্র দিয়ে ছাইবকে মারধর করে গুরুতর আহত করে।
পরে তাঁকে উদ্ধার করে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতাল এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর গত ৮ জুন দুপুরে তিনি মারা যান।