শরীয়তপুরের জাজিরায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে নড়াইল এক্সপ্রেস ও এনা এক্সপ্রেসের দুটি বাসের সংঘর্ষে মোহাম্মদ নজরুল ইসলাম (৪৮) নামে এক বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় দুই বাসের সাত যাত্রী গুরুতর আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে জাজিরার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন কালু বেপারীকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম এনা এক্সপ্রেসের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি পটুয়াখালীর দুমকি থানার আঙ্গারিয়া এলাকার সাত্তার হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা অভিমুখী নড়াইল এক্সপ্রেসের একটি বাস কালু বেপারীকান্দি এলাকায় যাত্রী ওঠানোর জন্য সড়কের ওপর থামে। এ সময় পটুয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা এক্সপ্রেসের একটি বাস সেটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।
সংঘর্ষে এনা এক্সপ্রেসের সুপারভাইজার নজরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। দুই বাসের সাত যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কালু বেপারীকান্দি এলাকার একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাস দুটি জব্দ করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।