রাঙামাটির কাপ্তাইয়ে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ কাজল (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কাপ্তাই থানা-পুলিশ।
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে কাপ্তাই থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া মোহাম্মদ কাজলের গ্রামের বাড়ি বরিশালে। তিনি প্রায় ৩৫ বছর ধরে বিবাহসূত্রে কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজ এলাকায় স্থায়ীভাবে বসবাস করে আসছেন।
প্রথম সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রায় ৯ বছর আগে প্রথম স্ত্রী শেফালি বেগমকে তালাক দিয়ে তিনি মর্জিনা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় সংসারেও তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
অভিযোগ রয়েছে, প্রায় ৯ বছর আগে দ্বিতীয় স্ত্রীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে বিয়ে করেন। তখন প্রথম স্ত্রীকে তালাক দেন। এবার একই ধরনের গুরুতর অভিযোগে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় তিনি গ্রেপ্তার হয়েছেন।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, গ্রেপ্তারকৃত মোহাম্মদ কাজল কাপ্তাই থানায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শিশুটিকে ধর্ষণের কথা স্বীকার করেছেন।
শিশুটির বাবা বলেন, আমার ৮ বছরের অবুঝ শিশুর সঙ্গে এমন জঘন্য ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার চাই। অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জোর দাবি জানাচ্ছি। যাতে ভবিষ্যতে আর কোনো শিশুকে এমন নির্মম ঘটনার শিকার হতে না হয়।