হোম > সারা দেশ > রাঙামাটি

কাপ্তাই লেকের পানি বৃদ্ধি: ফের খোলা হলো ১৬ জলকপাট

কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি

কাপ্তাই লেকে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় বাঁধের স্পিলওয়ের জলকপাট খুলে পানি নিষ্কাশন করা হচ্ছে। ছবি: ফাইল ছবি

কাপ্তাই লেকে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট আবারও খুলে পানি নিষ্কাশন শুরু করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টা থেকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। বর্তমানে লেকে পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট।

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সূত্রে জানা গেছে, লেকের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ার পাশাপাশি রাঙামাটি জেলার বিভিন্ন স্থানে বাড়িঘর পানিতে ডুবে যাওয়া ও ভাঙন দেখা দেওয়ায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জলকপাট খুলে পানি নিষ্কাশন করা হচ্ছে। লেকের পানির উচ্চতা ১০৫ ফুটে নেমে এলে জলকপাটগুলো বন্ধ করে দেওয়া হবে।

এর আগে গত ২৯ আগস্ট কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৬ দশমিক ০১ ফুট এমএসএলে পৌঁছালে স্পিলওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছিল। তখন প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হয়। পরে পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে জলকপাট খোলার পরিমাণ বাড়ানো হয়। একপর্যায়ে প্রতিটি জলকপাট ৩ ফুট পর্যন্ত খোলা হলে প্রায় ৫৮ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হয়।

পানি কমে এলে পরবর্তীকালে ১৬টি জলকপাটই বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে সম্প্রতি আবারও লেকের পানি বাড়তে থাকায় শুক্রবার সকাল থেকে সেগুলো পুনরায় খুলে দেওয়া হয়েছে।

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে লেকের পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট। পরিস্থিতি বিবেচনায় ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে পানি নিষ্কাশন করা হচ্ছে। পানির উচ্চতা ১০৫ ফুটে নামলে জলকপাটগুলো বন্ধ করে দেওয়া হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, কাপ্তাই লেকের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই পানি নিষ্কাশন করা হচ্ছে।

সাজেকে সড়ক অবরোধের আওতামুক্ত থাকবে কৃষিপণ্য ও শিক্ষক-শিক্ষার্থী বহনকারী যান

খামারে ভাগ্যবদল রাজস্থলীর তরুণ উদ্যোক্তার, পেলেন রাষ্ট্রপতি সম্মাননা

সাজেকে আবারও দুই পক্ষের ঘণ্টাব্যাপী গুলিবিনিময়

সাজেকে অবরোধ: দুই সশস্ত্র সংগঠনের বলির পাঁঠা স্থানীয় বাসিন্দারা

রাঙামাটিতে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

সাজেকে চতুর্থ দিনের অবরোধ, পরিস্থিতি পর্যবেক্ষণে ৩ সদস্যের কমিটি

পাহাড়ে অস্থিরতায়, পর্যটন খাতে ধস

রাঙামাটিতে বর্ণিল আয়োজনে শুরু প্রবারণা পূর্ণিমা

শনিবার খাগড়াছড়ি ও রাঙামাটিতে আধা বেলা অবরোধের ডাক

সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার