দুই সংগঠনের ডাকা সড়ক অবরোধের ১৩তম দিনেও স্থবির রাঙামাটির সাজেকের পর্যটন ও পরিবহন খাত। তবে কৃষি ও শিক্ষাব্যবস্থা সচল রাখতে উৎপাদিত কৃষিপণ্যের পরিবহণ এবং স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গামী শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী যান এই সড়ক অবরোধের আওতামুক্ত রাখার ঘোষণা দিয়েছে সংগঠনগুলো।
আজ মঙ্গলবার বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা।
বিজ্ঞপ্তিতে দুই সংগঠনের যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাজেকের পাহাড়ি-বাঙালি নির্বিশেষে কৃষিপণ্যের ব্যবসায়ী ও কৃষকদের স্বার্থের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সাজেকবাসীর পাঁচ দফা ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের সাজেক সড়কে টানা ১৩ দিন ধরে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে। পাহাড়ি অঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক দলগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে চলা অস্থিরতা ও গোলাগুলির জেরে এই অবরোধ শুরু হয়। সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের ডাকে গত ২২ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের এ অবরোধ শুরু হয়।